খুলনা-সাতক্ষীরায় জামায়াত-পুলিশ সংঘর্ষ
খুলনা ও সাতক্ষীরায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
খুলনার কয়রা থানা এবং সাতক্ষীরা জেলা শহরে মঙ্গলবার বিকালের এই সংঘর্ষে আহত হয়েছে শতাধিক আহত হয়েছে।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বাতিল এবং আটক শীর্ষনেতাদের মুক্তি দাবিতে দেশব্যাপী এই কর্মসূচি ছিল জামায়াতের।
তবে যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং জামায়াত নিষিদ্ধের দাবিতে সারাদেশে আন্দোলনের প্রেক্ষাপটে অধিকাংশ জেলায়ই সমাবেশ করতে পারেনি দলটি।
কয়রায় সমাবেশ হলেও সাতক্ষীরায় সমাবেশের আগে পুলিশ বাধা দিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় তা প- হয়ে যায়।
কয়রা বাজারে সমাবেশ শেষে জামায়াতের একটি মিছিল জালালের মোড়ে পৌঁছলে পুলিশের বাধার মুখে পড়ে। এতে সংঘর্ষ বেঁধে যায় বলে স্থানীয়রা জানিয়েছে।
পুলিশ জামায়াত-শিবিরের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে। অন্যদিকে জামায়াতকর্মীরা ইট ছোড়ে।
ঘণ্টাব্যাপী সংঘর্ষের সময় বাজারের সব দোকান বন্ধ হয়ে যায় বলে স্থানীয়রা জানায়।
সংঘর্ষে সাত পুলিশ ও জামায়াত-শিবিরের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে।
এর মধ্যে মূসা নূর, আল আমিন, রউফ ও ছালাম নামে অন্তত চার কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেন জামায়াতের খুলনা দক্ষিণ জেলা আমির আ খ ম তমিজ উদ্দিন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে পুলিশ ও ছাত্রলীগ তাদের ওপর হামলা চালায়।
সংঘর্ষস্থল থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে কয়রা থানার ওসি মীর খায়রুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) এস এম শফিউল্লাহ বলেন, জামায়াত-শিবির পরিকল্পিতভাবে পুলিশের ওপর হামলা চালায়।
সাতক্ষীরায় সমাবেশ করতে চাইলেও পুলিশ ও জনতার বাধায় তা করতে পারেনি। সমাবেশ করতে না পেরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় জামায়াত।
বিকালে শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে প্রধান সড়কে আশপাশে ভেড়ার চেষ্টা জামায়াতকর্মীরা চালালেও প্রতিটি ক্ষেত্রে পুলিশ ও জনতা বাধা দেয়।
সার্কিট হাউজ মোড়ে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। এক পর্যায় পুলিশের গুলি ও কাঁদানে গ্যাসের মুখে টিকতে না পেরে পিছু হটে তারা।
জেলাব্যাপী জামায়াত ও শিবিরের ১৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানিয়েছেন।
এদিকে কালীগঞ্জে সমাবেশের চেষ্টার সময় বাধা দিলে জামায়াতকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়।
এতে তিন পুলিশ সদস্য আহত হন বলে কালীগঞ্জ থানার ওসি আলী আহমেদ মাসুদ জানিয়েছেন।
এছাড়া সাতক্ষীরা-খুলনা সড়কের ৩০ মাইল মোড়ে জামায়াত ও পুলিশের মধ্যে সংঘর্ষে পাটকেলঘাটা থানার ওসি আকতারুজ্জামান, এসআই বিপ্লব কান্তি মন্ডল ও সিপাহী আনোয়ার হোসেন আহত হন।
