২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোশাররফের লিগ্যাল নোটিশ এ্যানিকে

প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে যুদ্ধাপরাধী বলায় বিএনপি নেতা শহীদউদ্দিন চৌধুরী এ্যানিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2013, 02:56 PM

Updated : 23 Aug 2022, 10:12 AM

মন্ত্রীর আইনজীবী সুবল চন্দ্র সাহা মঙ্গলবার এ নোটিশ পাঠিয়েছেন।

অ্যাডভোকেট সুবল সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে সরকারি ডাক বিভাগের জিইপি’র (গ্যারান্টেড এক্সপ্রেস পোস্ট) মাধ্যমে এ্যানির নাখালপাড়া এমপি হোস্টেলের ৯২০-৯২১ নম্বর কক্ষের ঠিকানায় নোটিশটি পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়, সোমবার (১১ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের সমাবেশে বিএনপি নেতা এ্যানি বক্তৃতায় প্রবাসীকল্যাণ মন্ত্রীকে চিহ্নিত যুদ্ধাপরাধী উল্লেখ করে তার গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান।

এ্যানির ওই বক্তব্য বাংলাভিশন টিভি চ্যানেলে সন্ধ্যা সাড়ে সাতটা ও রাত সাড়ে ১০টার সংবাদে প্রচার করা হয়।

নোটিশে আরো বলা হয়, অভিযোগের দালিলিক প্রমাণ নোটিশ প্রাপ্তির সাতদিনের মধ্যে দেখাতে না পারলে আমার মক্কেলের ৫০ কোটি টাকার ক্ষতিপূরণে দেওয়ানি মামলা এবং একই সঙ্গে ফৌজদারি মামলা দায়ের করা হবে।