২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্তব্ধ থেকে সোচ্চার চট্টগ্রাম

তিন মিনিটের স্তব্ধতায় যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে সোচ্চার হলো চট্টগ্রামবাসীও।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2013, 12:14 PM

Updated : 23 Aug 2022, 10:12 AM

মঙ্গলবার বিকাল চারটা থেকে তিন মিনিটের কর্মসূচিতে সাড়া দিয়ে নগরীর বিভিন্ন এলাকার সড়কে নেমে আসে সব বয়সের মানুষ। যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে শাহবাগের আন্দোলনকারীদের ডাকে চট্টগ্রামবাসীর এ সাড়া ছিল অভূতপূর্ব।

বিকেল চারটার অনেক আগে থেকেই নগরীর জামালখান প্রেসক্লাব চত্বরের প্রতিবাদ কর্মসূচিস্থল ছাড়াও আগ্রাবাদ, এনায়েতবাজার মোড়, চেরাগীর পাহাড়, বারিক বিল্ডিং মোড়, গোল পাহাড় মোড়, ষোলশহর দুই নম্বর গেইট, প্রবর্তক মোড়, কাজীর দেউরী, কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর, নিউমার্কেট মোড়, দেওয়ানহাটসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ রাস্তায় নেমে এসে আসে।

স্কুল-কলেজফেরত শিক্ষার্থী, অফিসফেরত কর্মজীবীরা রাস্তায় নিজ থেকেই দাঁড়িয়ে যায়। এছাড়া বিভিন্ন ব্যাংক-বীমা-সরকারি বেসরকারি অফিস আদালতের অনেক কর্মকর্তা-কর্মচারী সড়কে নেমে এসে প্রতিবাদ জানায়।

বিকাল চারটা বাজতেই স্ব উদ্যোগে রাস্তায় দাঁড়িয়ে পড়ে তিন মিনিটের স্তব্ধতা কর্মসূচি পালন করে তারা।

চট্টগ্রামে ধারাবাহিক আন্দোলনের সপ্তমদিনে বিকাল তিনটা থেকে শুরু হয় গণজাগরণ মঞ্চের কর্মসূচি। ঢাকার কর্মসূচির সাথে সংহতি জানাতে বিভিন্ন সংগঠনসহ সাধারণ মানুষ নিজ উদ্যোগে আসতে থাকেন প্রেসক্লাব চত্বরে।

আশেপাশের বিভিন্ন বাসাবাড়ির মানুষজনও এ কর্মসূচিতে অংশ নিতে ছুটে আসে।

গান দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানের সব শ্লোগান থেমে যায় ঠিক চারটায়। তিন মিনিট পর আবার হাজারো কণ্ঠের ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, যুদ্ধাপরাধীর ফাঁসি চাই’ এ শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

চট্টগ্রামের গণজাগরণ মঞ্চের এ কর্মসূচিতে সংহতি জানান একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা সাংবাদিক শাহরিয়ার কবীর, নারী মুক্তিযোদ্ধা রোকেয়া কবীরসহ চট্টগ্রামের বিভিন্ন সংগঠন।

চট্টগ্রাম মহানগরীর বাইরেও জেলার বেশকয়েকটি উপজেলায় স্বত:স্ফূর্তভাবে স্তব্ধতা কর্মসূচি পালন করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।