নারায়ণগঞ্জে কপ্টার বিধ্বস্ত, আহত ৬
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেঘনা গ্রুপের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ ছয় জন আহত হয়েছেন।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় একটি ধানক্ষেতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে পুলিশ জানিয়েছে।
আহতরা হলেন- মেঘনা গ্রুপের চেয়ারম্যানের গোলাম মোস্তফার মেয়ে ও পরিচালক তাহমিনা মোস্তফা (২৪), নির্বাহী পরিচালক (মার্কেটিং) আসিফ ইকবাল (৪৫), হেড অব বিজনেস ডেভেলপমেন্ট কাজী সাফায়েত হোসেন (৪৫) ও আবুল কালাম এবং হেলিকপ্টারের পাইলট গুলজার হোসেন (৪২) ও শফিকুল ইসলাম (৩৫)।
পাইলটের উদ্ধৃতি দিয়ে রূপগঞ্জ থানার ওসি মাঈনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল সাড়ে ৩টার দিকে সোনারগাঁওয়ের মেঘনাঘাটে অবস্থিত মেঘনা গ্রুপের কারখানা থেকে হেলিকপ্টারটি যাত্রী নিয়ে ঢাকার পথে রওনা হয়।
‘পৌনে ৪টার দিকে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়াপাড়া এলাকায় ইঞ্জিন বিকল হয়ে হেলিকপ্টারটি প্রায় এক হাজার ফুট উপর থেকে ধানক্ষেতে পড়ে বিধ্বস্ত হয়। ’
হেলিকপ্টারটির পেছনের অংশ দুভাগ হয়ে যায় এবং রোটেটর ব্লেড (পাখা) ভেঙে যায়।
