৩ মিনিট সংহতিতে প্রবাসীরাও
যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াতে ইসলামীর সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের দাবিতে শাহবাগের চলমান আন্দোলন থেকে প্রবাসীদেরও তিন মিনিট নিরবতা পালনের আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে শাহবাগের আন্দোলনমঞ্চ থেকে বলা হয়, ছাত্র-জনতার চলমান এ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশের জন্য সারা বিশ্বে অবস্থানরত বাংলাদেশিদেরও নিরবতা পালনের আহ্বান জানানো হচ্ছে।
টানা আন্দোলনের অষ্টম দিন মঙ্গলবার বিকাল ৪টা থেকে তিন মিনিট বাংলাদেশে সবাইকে যার যার অবস্থানে নিরবে দাঁড়িয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে একাত্মতা জানানোর জন্য আগের দিন আহ্বান জানায় শাহবাগে আন্দোলনকারীরা।
তবে প্রবাসীরা যার যার স্থানীয় সময় বিকাল ৪টা থেকে তিন মিনিট এ কর্মসূচি পালন করবেন।
আন্দোলনকারীদের আহ্বানে সাড়া দিয়ে বিকাল ৪টায় শহীদ মিনারে নিরবে দাঁড়াবেন ক্ষমতাসীন আওয়ামী লীহসহ ১৪ দলের নেতাকর্মীরা। একই সময় সংসদ সদস্যরা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়ে সংহতি জানাবেন।
গত ৫ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার পর ওই রায় প্রত্যাখ্যান করে শাহবাগ মোড়ে এই আন্দোলন শুরু করে ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্ক।
ধীরে ধীরে তা রূপান্তরিত হয় জনতার আন্দোলনে। শাহবাগের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে সারা দেশে বিক্ষোভ শুরু হয়। দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে সমাবেশ হয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে।
রোববার জাতীয় সংসদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শাহবাগের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তাদের দাবি পূরণে সোমবার মন্ত্রিসভায় ট্রাইব্যুনাল আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়।
সংসদের চলতি অধিবেশনেই আইন সংশোধনের বিল পাস করে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে প্রসিকিউশনের আপিল করার সুযোগ সৃষ্টি করা হচ্ছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
