২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিজস্ব অর্থায়নে সেতু’ নিয়ে সংশয় ফরাসউদ্দিনের

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ নিয়ে সংশয় প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2013, 05:03 AM

Updated : 23 Aug 2022, 10:12 AM

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উপস্থিতিতে সম্প্রতি এক অনুষ্ঠানে এ ব্যাপারে সংশয়ের কথা জানান এই অর্থনীতিবিদ। ওই অনুষ্ঠানে পদ্মা সেতু নিয়ে কোনো কথা না বললেও ফরাসউদ্দিনের কথায় মথা নেড়ে সায় দেন অর্থমন্ত্রী।

সাবেক গভর্নর বলেন, এটা শুধু টাকার ব্যাপার নয়। এখানে অনেক কিছু জড়িত। নকশা, তদারকি, নির্মাণ, ভালো ঠিকাদারি প্রতিষ্ঠান পাওয়া ইত্যাদি জড়িত। এতো সব ঠিক রেখে এই বিশাল প্রকল্প বাস্তবায়ন করা খুবই কঠিন কাজ।

“আমি বিশ্ব ব্যাংকের গুণগ্রাহী নই। তবু বলছি, এই প্রকল্প বাস্তবায়নের জন্য সমন্বিত একটি উদ্যোগ প্রয়োজন। আমাদের মনে রাখতে হবে, উন্নত প্রযুক্তি ও কারিগরি সহায়তা ছাড়া এ প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়।”

দেশি-বিদেশি প্রকৌশলীদের সমন্বয়ে এই সেতুর কাজ করলে সবচেয়ে ভাল হবে মন্তব্য করে তিনি বলেন, এক্ষেত্রে চট্টগ্রামের বহদ্দারহাট ফ্লাইওভারের মর্মান্তিক দুর্ঘটনার বিষয়টিও বিচেনায় রাখতে হবে। ওই ফ্লাইওভারের নকশাও কিন্তু স্থানীয় অভিজ্ঞ প্রকৌশলীরা করেছিলেন।

নিজস্ব অর্থায়নের ক্ষেত্রে বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো ‘আস্থা পাবে না’ বলেও মনে করেন এই অর্থনীতিবিদ।

বিগত আওয়ামী লীগ সরকারের সময় গভর্নরের দায়িত্ব পালন করা ফরাসউদ্দিন যখন পদ্মা সেতু নিয়ে বক্তব্য রাখছিলেন তখন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মাথা নাড়িয়ে সায় দিচ্ছিলেন।

গত রোববার সন্ধ্যায় সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ে সম্মেলন কক্ষে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য ড. শামসুল আলমের ‘দুই শতাব্দীর মোহনায় বাংলাদেশের অর্থনীতি ও রাজনীতি’ এবং ‘পরিবর্তনের বাঁকে বাংলাদেশের অর্থনীতি ও রাজনীতি’ শীর্ষক দুটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন ফরাসউদ্দিন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী ছিলেন প্রধান অতিথি।

এই অনুষ্ঠানে অর্থমন্ত্রী পদ্মা সেতু নিয়ে কোনো কথা বলেননি। তিনি লেখকের দুটি বই এবং লেখক সম্পর্কে কথা বলেন।

দুর্নীতির অভিযোগ ওঠার পর টানাপোড়েনের মধ্যে গত ১ ফেব্রুয়ারি বিশ্ব ব্যাংকের কাছ থেকে অর্থ নেয়ার অনুরোধ প্রত্যাহার করে সরকার।

২৯১ কোটি ডলারের এই প্রকল্পে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার দেয়ার কথা ছিল।

গত ৪ ফেব্রুয়ারি জাতীয় সংসদে নিজস্ব অর্থায়নে ৬ কিলোমিটার দীর্ঘ এই সেতু নির্মাণের ঘোষণা দেন অর্থমন্ত্রী।

প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে ২০১১ সালের সেপ্টেম্বরে অর্থায়ন স্থগিত করে বিশ্ব ব্যাংক। এরপর গত বছর জুনে অর্থায়ন বাতিলের ঘোষণা দেয় তারা।

পরবর্তীতে সরকারের নানামুখী তৎপরতায় ঋণ বাতিলের সিদ্ধান্ত পাল্টালেও কয়েকটি শর্ত দেয় দাতা সংস্থাটি। এই নিয়ে টানাপোড়েনের মধ্যে সময়ক্ষেপণের কারণে বিশ্ব ব্যাংকের অর্থ না নেয়ার সিদ্ধান্ত নেয় সরকার।