সঙ্কট অনুবাদ বইয়ের
এবারের অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনের দিন থেকেই দর্শনার্থী সংখ্যা ভালো। দিন দিন মেলা হয়ে ওঠছে জমজমাট। মেলায় ১১ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের তথ্যকেন্দ্রে জমা পড়া বইয়ের সংখ্যা ১১৩৯টি, তবে এর মধ্যে অনুবাদ বই মাত্র ১৪টি।
বাংলা একাডেমীর পরিসংখ্যান থেকে জানা যায় ২০১১ সালের বইমেলায় এই ক্যাটাগরিতে প্রকাশিত বইয়ের সংখ্যা ছিল ৫৯টি।
এই পরিসংখ্যান থেকে স্পষ্ট, দেশের প্রকাশকদের নিয়ে প্রধান বইয়ের মেলাতেও অনুবাদ বইয়ের সঙ্কট থেকেই যাচ্ছে।
এ বিষয়ে অ্যাডর্ন পাবলিকেশন্সের মালিক জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “প্রতিবছরই বই মেলায় বিশেষ কিছু পাঠকদের চাহিদা লক্ষ্য করা যায় অনুবাদের বইয়ের প্রতি। সেই চাহিদা পূরণ করতে আমরা উদ্যোগ নিয়েছি। এ বছর আমরা বেশ কিছু অনুবাদ বই প্রকাশ করছি।”
তিনি আরো বলেন, “অনুবাদ গ্রন্থের দুষ্প্রাপ্যতাই সবচেয়ে বেশি। হাতেগোনা কিছু বই আসবে এবারের বই মেলায়।”
এদিকে এবারের মেলায় পাঠক সমাবেশ থেকে প্রকাশিত হয়েছে `কাফকা’র গল্পসমগ্র’। এর অনুবাদ করেছেন মাসরুর আরেফিন।
তিনি অনুবাদ বইয়ের সঙ্কটের কারণ হিসেবে বেশকিছু বিষয়কে চিহ্নিত করেছেন।
মাসরুর আরেফিন বলেন, “আমাদের দেশের অনেক প্রকাশকেরই বিশ্বসাহিত্য সম্পর্কে জানাশোনা কম। তাছাড়া আমাদের দেশেও যে অনুবাদকের চাহিদা আছে তারা এটাও মানতে চান না। তারা মনে করেন অনুবাদ বইয়ের বাজার ভালো না।”
প্রকাশিত অনুবাদ গ্রন্থ
বাংলা একাডেমীর তথ্য কেন্দ্র থেকে পাওয়া তথ্য থেকে জানা গেছে, এ বছর ১০ ফেব্রুয়ারি পর্যন্ত মেলায় ১৩টি অনুবাদের বই এসেছে।
এর মধ্যে জাগৃতি এনেছে বিধান রিবেরু’র ‘ম্যান রাইডিং ওয়েস্ট’, অন্য প্রকাশ এসেছে হুমায়ূন আহমেদের ‘হু স্পিকস’, যুক্ত এনেছে প্রাচী প্রতীচীর অনুদিত ‘মিলন বেলার পুঁথি’, সূচিপত্র এনেছে মো. জার্জিস আলী অনুদিত ‘এনোক আর্ডেন ও অন্যান্য ক্লাসিক গল্প’, অংকুর প্রকাশনী এসেছে ড. মোহাম্মদ আবদুর রশীদ ‘ইন্টারভেনশন্স’, নান্দনিক এনেছে রাফিক হারিরি’র ‘প্রাসাদ সরণির আখ্যান’, অবসর প্রকাশনা থেকে এসেছে আরশাদ আজিজ-এর ‘বিজ্ঞানের সামাজিক ফলশ্রুতি’, জাগৃতি প্রকাশনী প্রকাশ করেছে ফজলে রাব্বি ‘থিংস ফল এপার্ট’, নান্দনিক এনেছে হোসেন আলমগীর অনুদিত ‘অরা’, শুদ্ধস্বর এনেছে ‘দ্য বেল জার যা অনুবাদ করেছেন মোস্তাক শরীফ, সন্দেশ থেকে প্রকাশিত হয়েছে অনুবাদক ফারজানা ইসলাম ‘নায়ানুকী’, শৈশব এনেছে অনুবাদক সৌরীন নাগ এর ‘সুইস পরিবার রবিনসন’ ও মু. শফিউল আলম এর ‘অ্যানা ফ্রাঙ্ক এক বাল্যবন্ধুর স্মৃতিচারণ’।
যে সব বই আসবে
মেলায় অ্যাডর্ন পাবলিকেশন্স নিয়ে আসবে লেভ তলস্তয়ের ‘পিপড়া ও পায়রা’, শাহ আব্দুল করিমের ‘বাংলা বাউল’, মনোয়ারা ইলিয়াসের ‘প্রথম রৌদ্র, আশরাফ আল দীনের ‘আইভান মেলভিন রজার্সের ‘দ্য চাইল্ড সোলজার’, রাগীব আলীর ‘এ লিজেন্ড অব সাকসেস’।
এছাড়া সংহতি প্রকাশন থেকে শওকত হোসেনের ‘দ্য ক্রুসেড দ্য ফ্লেইম অব ইসলাম’, আলীফ হোসেনের অনুবাদে সিগমুন্ড ফ্রয়েডের ‘একটি দৃষ্টিভ্রমের ভবিষ্যত’ আসবে।
বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে মেহের কবীরের অনুবাদে গিওর্গি কারাস লাভোভ-এর উপন্যাস ‘ট্যাঙ্গো’, গদ্যপদ্য থেকে ডেভিড অ্যাডমস-এর ‘দ্য মিথস অব গ্রিস অ্যান্ড রোম’। এছাড়া সংবেদ প্রকাশনী থেকে প্রকাশিত হিব্রু ভাষার কবি ইয়েহুদা আমিহাই-এর নির্বাচিত কবিতা অনুবাদ করেছেন কুমার চক্রবর্তী এবং ফজলুল আলমের অনূদিত গ্রন্থ ‘এ কালের তিন দিকপাল- নিটশে, চমস্কি ও ফুকো’। আগামী প্রকাশনী থেকে অরুন্ধতী রায়ের ‘অকুপাই ওয়াল স্ট্রিট’ বইটি এসেছে।
এছাড়া ঐতিহ্য প্রকাশনী এবার মেলায় ৭টি অনুবাদের বই আনবে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘দি অটোবায়োগ্রাফি অব বার্ট্রান্ড রাসেল, ‘রুবাইয়াত’, ‘ড্রাগন সিড’, ‘একটি গোলাপের জন্য’, ‘ওয়ার হর্স’, ‘ত্রি কমরেডস’, ‘মার্ডার ইন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস’ বইগুলো।
সোমবার মেলার একাদশ দিনে একাডেমীর নজরুল মঞ্চে ৭টি নতুন বইয়ের মোড়ক উন্মোচিত হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিদ্যাপ্রকাশ থেকে আসা সামছুদ্দীন আহমেদের ‘গণতন্ত্র ও বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি’, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নন্দিনী প্রকাশনী থেকে আসা হালিমা খাতুনের ‘রং তুলিতে টুনটুনিটা’র মোড়ক উন্মোচন করেন।
নতুন বই
একাডেমীর জনসংযোগ উপবিভাগের তথ্যানুযায়ী, সোমবার মেলায় ১২৪টি নতুন বই এসেছে। এর মধ্যে গল্প ২২টি, উপন্যাস ২৫টি, প্রবন্ধ ১০টি, কবিতা ৩০টি, ছড়া ১টি, শিশুতোষ ৬টি, জীবনী ৪টি, মুক্তিযুদ্ধ ২, বিজ্ঞান ১টি, ভ্রমণ ৪টি, ইতিহাস ৩টি, চিকিৎসা/স্বাস্থ্য ১, রাজনীতি ১, রম্য/ধাঁধা ৩টি, ধর্মীয় ১টি, অনুবাদ ২টি এবং অন্যান্য বিষয়ের উপর ৮টি বই এসেছে।
সোমবার মেলায় আসা বইগুলোর মধ্যে রয়েছে সৈয়দ শামসুল হকের ‘কেরানিও দৌড়ে ছিলো’, দেবদাস ভট্টাচার্যের ‘জননী জন্মভূমি’, কাজী কনক সিদ্দিকার ‘জীবনের থলে ফুটো’ অ্যাডর্ন এনেছে জয়নাল হোসেনের ‘মানবপুত্র গৌতম-ধর্ম ও জীবনাচরণ’, অন্যপ্রকাশ নাসরীন জাহানের ‘কানামাছি কোন স্বপ্নে ছুট’, কণীকা রশিদের ‘দিগন্তের ওপারে’, শুভ্রপ্রকাশ এনেছে পলাশ মাহবুবের ‘দুই দল দূরন্ত’, অনিন্দ্যপ্রকাশ এনেছে আহমদ রফিকের ‘বিচ্ছিন্ন পঙক্তিমালা’, ‘কবিতা সমগ্র’ ও ‘বিপ্লব ফেরারী তবু’, আগামী এনেছে আশরাফ আহমেদের ‘কলাচ্ছলে কলা’, অনন্যা এনেছে ইমদাদুল হক মিলনের ‘শ্রাবণ জোৎস্নার’, সাহস এনেছে ঝর্ণা দাশ পুরুকায়স্থের ‘একুশ ও মুক্তিযুদ্ধে গল্পগুচ্ছ’, অনুপম এনেছে মোনায়েম সরকারের ‘কৃষক নেতা হাতেম আলী খান স্মারক গ্রন্থ’, শুদ্ধস্বর এনেছে শওকত হোসেন মাসুমের ‘কেলেংকারির অর্থনীতি’, ‘মাসুদুজ্জামানের দেবদূত পুরুষ ও যৌন নীতি’। সালমা বুক ডিপো এনেছে নির্মলেন্দু গুণের ‘ও বন্ধু আমার’ ও ‘চাষাভূষার গল্প’, পাঠসূত্র এনেছে মোহিত কামালের ‘বন্ধু আমার বন্ধু’, তুষার কণা খোন্দকারের ‘ঘাম এবং সুশীতল পানির গল্প’, মহিবুল আলমের ‘সাদা মেঘের ভেলা’, তাম্যলিপি এনেছে মুহম্মদ জাফর ইকবালের ‘ইস্টিশন’, শুভ্রপ্রকাশ এনেছে আহসান হাবীবের ‘নীল ডাউনে ফার্স্ট বয়’, ইকবাল খন্দকারের ‘স্কুল জুড়ে আতঙ্ক, সিঁড়ি প্রকাশন আনে আশরাফুল আলম পিনটুর ‘কুয়োব্যাঙের একদিন’ ও কাহলিল জীবরানের ‘দি প্রফেট’, বিভাস আনে রফিক আজাদের ‘সশস্ত্র সুন্দর’, ঐতিহ্য আনে ইশতিয়াক হাসানের ‘জঙ্গলে বিভীষিকা’, অনু হোসেনের ‘বোধ ও বাতি’, শ্রাবন প্রকাশনী এনেছে সুফি হায়দার জুলফিকার রহমানের ‘অন্তরে প্রান্তরে’।
মূল মঞ্চের আয়োজন
সোমবার বিকালে মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘সাংবাদিকতার বাতিঘর তোফাজ্জল হোসেন মানিক মিয়া’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক আবেদ খান। আলোচনায় অংশগ্রহণ করেন মুহাম্মদ জাহাঙ্গীর এবং অধ্যাপক মোহাম্মদ সেলিম। সভাপতিত্ব করেন অধ্যাপক হারুন অর রশিদ।
মঙ্গলবারের অনুষ্ঠান
মঙ্গলবার বিকেলে মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘আলী আহমদ: পাণ্ডুলিপি সংগ্রাহক, গবেষক ও সম্পাদক’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন দুলাল কান্তি ভৌমিক। আলোচনায় অংশগ্রহণ করবেন মনিরুজ্জামান, আহমদ কবির, মুহম্মদ শাহজাহান মিয়া, শান্তিরঞ্জন ভৌমিক।
সভাপতিত্ব করবেন মোহাম্মদ আবদুল কাইউম। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
