জার্মান সাংসদদেরও মনোযোগ গণজাগরণে
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে চলমান গণআন্দোলন সফররত জার্মান সংসদীয় প্রতিনিধি দলের মনোযোগ কেড়েছে।
মঙ্গলবার এ প্রতিনিধি দলের সদস্যরা জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদের সংগে সাক্ষাতের সময় এই গণজাগরণ সম্পর্কে জানতে চান।
সাত সদস্যের জার্মান সংসদীয় প্রতিনিধি দলটি সংসদে স্পিকারের কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাত করে।
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগের গণআন্দোলন সোমবার এক সপ্তাহে গড়াল।
দীপ্ত স্লোগানে এদিন নতুন সপ্তাহ শুরু করে আন্দোলনকারীরা।
গত ৫ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন সাজার রায় দিলে ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের উদ্যোগে শাহবাগে শুরু হয় অবস্থান কর্মসূচি। ঘণ্টাখানেকের মধ্যে তা হাজার হাজার মানুষের সমাবেশে পরিণত হয়। এরপর এই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে।
স্বাধীনতা অর্জনের পরপরই স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার জন্য জার্মানির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্পিকার।
সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে গণসমাবেশ প্রসঙ্গে জার্মান সংসদীয় প্রতিনিধি দল প্রধানের এক প্রশ্নের জবাবে স্পিকার বলেন, যুদ্ধাপরাধীদের বিচার গণমানুষের দাবি। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যে গণজাগরণের সৃষ্টি হয়েছে সব প্রজন্ম ও শ্রেণী-পেশার মানুষের এ দাবির সংগে সংসদ একাত্মতা প্রকাশ করেছে।
আবদুল হামিদ প্রতিনিধি দলকে জানান, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৬ সালে প্রথম সরকার গঠনের পর সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার বিচার এবং যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ গ্রহণ করা হয়।
পরবর্তীতে ২০০৮ সালে নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয়ে মহাজোট সরকার গঠনের পর বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় কার্যকর এবং সংসদে সর্বসম্মতিক্রমে যুদ্ধাপরাধীদের বিচারের সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি বলেন, “এ সিদ্ধান্ত বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল গঠনের মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া চলছে।”
প্রধান বিরোধী দলের সদস্যরা সংসদ অধিবেশনে যোগ না দিলেও তারা সংসদীয় কমিটির বৈঠকসহ বিভিন্ন বৈঠকে নিয়মিত অংশ নিচ্ছেন উল্লেখ করে স্পিকার জানান, প্রধান বিরোধী দল যাতে সংসদে নিয়মিতভাবে যোগ দেয় সবসময়ই তা প্রত্যাশা করেন তিনি।
জার্মান-বাংলাদেশ মৈত্রী গ্রুপের সদস্য যোসেফ উইন্ক্লার এর নেতৃত্বে কারিন ইভারস-মায়ার, হোলজার ওরটেল, জোহানিজ ফ্লোগ, ড. বিরগিট রেইনিমন্ড ও প্রতিনিধিদলের সদস্যরা স্পিকার আবদুল হামিদের সংগে সাক্ষাত করেন।
বাংলাদেশ-জার্মান সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি আ. স. ম. ফিরোজ ও সংসদ সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, শফিকুর রহমান চৌধুরী, গোলাম দস্তগীর গাজী, এবিএম আনোয়ারুল হক, মো. ইসরাফিল আলম, মো. মনোয়ার হোসেন চৌধুরী এবং মো. আব্দুছ সাত্তার এবং জাতীয় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
