২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক পতাকার নিচে

উত্তাল শাহবাগে উড়ছে বিশাল এক জাতীয় পতাকা, যা ঐক্যের প্রতীক বলে মনে করছে আন্দোলনকারীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2013, 04:09 PM

Updated : 13 Oct 2022, 02:47 PM

পুরনো খবর:

মাথায় লাল-সবুজ, মুখে স্লোগান

আন্দোলনের সপ্তম দিন সোমবার বিকাল ঠিক সাড়ে ৫টায় একশ ফুট দৈর্ঘ্য এবং ৬০ ফুট প্রস্থের এই পতাকা তোলা হয় ‘প্রজন্ম চত্বরে’।

বারডেমের ছাদ থেকে বিএসএমএমইউ হাসপাতালের ছাদ পর্যন্ত রশি দিয়ে এই পতাকা ওড়ানো হয়েছে।

আন্দোলনে শামিল ‘ছবির হাটের’ কবি, লেখক, সাংবাদিক, শিল্পী ও সংস্কৃতিকর্মীদের উদ্যোগে এই পতাকা ওড়ানো হয়েছে।

এই পতাকা ওড়ানোর বিষয়ে উদ্যোক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে তারুণ্যের আহ্বানে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তাদের সবাইকে এই পতাকার নিচে সমবেত করার জন্যই এই আয়োজন।

লাল-সবুজের এই পতাকাকে ‘জাতীয় ঐক্যের প্রতীক’ হিসাবে আখ্যায়িত করে তারা বলেন, এই আন্দোলনে শরিক সবাই বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের ব্যানারে এখানে হাজির হচ্ছেন। কিন্তু এটা একটা জাতীয় আন্দোলন।

“জাতীয় পতাকাকে যদি আমাদের জাতীয় ঐক্যের প্রতীক ধরা হয় তাহলে এই এক পতাকার নিচেই সবাই আন্দোলনে শরিক হবেন। আলাদা কোনো ব্যানারে নয়,” বলেন একজন।

শাহবাগের আকাশজুড়ে লাল-সবুজ পতাকাটি উড়তে দেখে উদ্বেলিত হয়ে কথাসাহিত্যিক ইমতিয়ার শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই পতাকার মতোই আমাদের আন্দোলন পতপত করে আকাশে উড়বে।

“এই পতাকার নিচই হোক আমাদের গণজাগরণের কেন্দ্রবিন্দু।”

একটি বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মকর্তা খায়রুল আলম সাগর বলেন, “আমি বাঙালি, এই লাল সবুজের পতাকাই আমার প্রথম পরিচয়। তাই এই আন্দোলনে এখানে যারা সমবেত হয়েছেন তাদের সবার পরিচয় এই এক পতাকা দিয়েই নির্ধারিত হোক।”

যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে গত ৫ ফেব্রুয়ারি থেকে শাহবাগে অবস্থান কর্মসূচিতে শামিল হাজারো মানুষ।

গত শুক্রবার লাখো মানুষ সেখানে আন্দোলনের শপথ নেয়। এই আন্দোলন ছড়িয়ে পড়েছে সারাদেশে।