২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে একাত্ম আইনজীবীরাও

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে চলমান গণআন্দোলনে একাত্ম হলেন দেশের শীর্ষস্থানীয় আইনজীবীরাও।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2013, 11:47 AM

Updated : 23 Aug 2022, 10:11 AM

সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এক সভায় প্রস্তাব গ্রহণের মাধ্যমে এই সংহতি প্রকাশ করা হয়।

গত শনিবার সুপ্রিম কোর্টে এক সেমিনারে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভেঙে দেয়ার দাবি জানান। এর প্রতিবাদে সভা ডাকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

মানবাধিকার সংস্থা ‘ন্যাশনাল ফোরাম ফর প্রটেকশন অফ হিউম্যান রাইটস’ এই সেমিনারের আয়োজন করে। এই সংগঠনের সভাপতি খন্দকার মাহবুব হোসেন। আর এর সাধারণ সম্পাদক হচ্ছেন যুদ্ধপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম।

সভা শেষে প্রস্তাব পড়ে শোনান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদি।

এতে বলা হয়, ‘খন্দকার মাহবুব যে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছেন, তা রাষ্ট্রদ্রোহিতার শামিল। এ জন্য তাকে নিঃশর্ত ক্ষমা প্রার্থণার আহ্বান জানানো হচ্ছে।

‘সেই সঙ্গে আমরা শাহবাগে তরুণ প্রজন্মের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। আমরা এই সভা থেকে শুধু কাদের মোল্লা নয়, সকল যুদ্ধাপরাধীর ফাঁসির দাবি করছি।’

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ন্যাশনাল ফোরাম ফর প্রটেকশন অফ হিউম্যান রাইটস নামে একটি সংগঠনকে সুপ্রিম কোর্টে সেমিনার করতে দেয়া হয়েছে। কেন এই প্রতিষ্ঠানকে দক্ষিণ হলে অনুষ্ঠান করতে দেয়া হয়েছে? কেন কোন অধিকারে এই সংগঠনকে সুপ্রিম কোর্টে অনুষ্ঠান করতে দেয়া হলো?

“২৬ মার্চ বঙ্গবন্ধু দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এই দিনের পর যে ব্যক্তি দেশের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে, কথা বলেছে, অস্ত্র ধারণ করেছে তারা প্রত্যেকেই অপরাধী। দেশে সংগঠিত এই সব অপরাধের বিচার করার সব এখতিয়ার বাংলাদেশ সরকারের রয়েছে।”

মাহবুবে আলম বলেন, এরপরও যারা জাতিসংঘের অধীনে বিচারের কথা বলেন, তাদেরও বিচার হতে পারে।

রাষ্ট্রের এই প্রধান আইন কর্মকর্তা বলেন, স্বাধীনতার বিরোধিতা করে কেউ রাজনীতি করতে পেরেছে, এমন দৃষ্টান্ত পৃথিবীতে একটিও নেই। জামায়াতের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করা হোক।

সমিম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের একাংশের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার বলেন, আমার মনে হয়, যারা যুদ্ধাপরাধীদের পক্ষে বক্তব্য দেয়। তারাও যুদ্ধাপরাধী। ট্রাইব্যুনাল ভেঙে দেয়ার দাবি জানিয়ে দেয়া বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা হওয়া উচিত।

“সাম্রাজ্যবাদীদের হাত থেকে মুক্ত হয়ে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। সেই স্বাধীন দেশে আবার বিদেশীদের ডেকে আনা রাষ্ট্রদ্রোহিতা।”

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ বলেন, যুদ্ধাপরাধীদের বিচার করার জাতিগত দায়িত্ব আমাদের সবার। এই দায়িত্ব আইনজীবীদের আরো বেশি। ৩০ লাখ শহীদ, আড়াই লাখ মা-বোনের ইজ্জত হরণকারীদের উপযুক্ত সাজা দিতে হবে। জনতার রায়ে এই উপযুক্ত সাজা হচ্ছে ফাঁসি।

“সেই রায় না হওয়ায় আমরা হতাশ হয়েছি। সেই হতাশা আমরা জনসমুদ্রেও দেখেছি। তবে আমরা আশা করবো, আপিল বিভাগে যুদ্ধাপরাধীদের ফাঁসি দেবে।”

ব্যারিস্টার রোকন আরো বলেন, যে কোন আসামি ট্রাইব্যুনালে নিজেকে নির্দোষ প্রমাণ করতে আত্মপক্ষ সমর্থন করতে পারেন। তবে ট্রাইব্যুনালের বিরুদ্ধে কথা বলতে পারেন না।

“কেউ ট্রাইব্যুনালের বিরুদ্ধে একটি কথা বললে তাকে টেনে-হিচড়ে হোক যেভাবেই হোক শাহবাগে নিয়ে যাবো। সেখানেই তরুণরা তাদের বিচার করবে। শাহবাগ এখান থেকে বেশি দূরে নয়। মাঝে সোহরাওয়ার্দী উদ্যান। দুই মিনিটেই নিয়ে যাওয়া যায়।

“যারা যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিপক্ষে কথা বলবে, এমন আইনও করতে হবে, যাতে তাদেরও বিচার ওই ট্রাইব্যুনালে হতে পারে। আইনজীবীরা এদেরকে চিনে রাখুন, জনসমুদ্র এদের বিচার করবে।”

অ্যাডভোকেট সানজিদা খানম বলেন, সন্তানদের পথ দেখায় মা-বাবা। মা-বাবার সঙ্গে সন্তানরা বিভিন্ন স্থানে যায়। কিন্তু শাহবাগে আমরা যাচ্ছি আমাদের সন্তানদের সঙ্গেই।

সভাপতির বক্তব্যে খন্দকার মাহবুব হোসেনকে উদ্দেশ্য করে কেএম সাইফুদ্দিন বলেন, খন্দকার মাহবুব ট্রাইব্যুনাল ভেঙে দেয়ার কথা বলছেন। দেখেন আপনার নেত্রী [খালেদা জিয়া] চুপ হয়ে গেছে। আপনাকেও বলবো জনতার কাতারে থাকুন।

সব বিচারে সব আইনে জনতা কি চায় সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। জনতা চায় ফাঁসি। আইন যদি ফাঁসি দিতে না পারে, তাহলে জনতার দাবিতে সেই আইন ৭ দিনে পরিবর্তন হয়ে যায়।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু,  অ্যাডভোকেট এএফএম মেজবাহ উদ্দিন, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের অপর অংশের সদস্য সচিব অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট মো. আজাহার উল্লাহ ভূঁইয়া প্রমুখ।