ভাষাসৈনিক মতিন অভিভূত
শাহবাগে গিয়ে যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে এই প্রজন্মের আন্দোলনে সমর্থন জানালেন বাহান্নোর ভাষা আন্দোলনের নেতা আব্দুল মতিন।
শাহবাগে চলমান বিক্ষোভের সপ্তম দিন সোমবার সংহতি প্রকাশ করেন অশীতিপর এই ভাষাসৈনিক, বাহান্নোর আন্দোলনে নেতৃত্বের কাতারে থেকে যিনি রাষ্ট্রভাষা মতিন নামে খ্যাতি পান।
তরুণদের আন্দোলনে সংহতি জানিয়ে তিনি বলেন, “আমি অভিভূত। এটা সত্যিকার অর্থেই অসাধারণ। এমন আন্দোলন আমি কোনোদিনও দেখিনি।”
বাংলা ভাষার অধিকার রক্ষার আন্দোলনের স্মৃতিচারণও করেন মতিন।
আন্দোলনকারীদের সাহস যুগিয়ে তিনি বলেন, “সেই বৃটিশ আমল থেকে অসাম্প্রদায়িক একটি রাষ্ট্রের জন্য আমরা আমরা তিল তিল করে রক্ত দিচ্ছি।
“শাহবাগের এ গণজাগরণে পুরো দেশ, সেই সঙ্গে আমরা ভাষাসৈনিকরাও আপনাদের পাশে আছি।”
একই সঙ্গে দলমত নির্বিশেষে সবাইকে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে এই আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান মতিন।
