২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় ছাত্রলীগ পরিচয়ে ঠিকাদারকে অপহরণ

 নিজেদের ছাত্রলীগ কর্মী পরিচয় দিয়ে পুরান ঢাকার আদালতপাড়া থেকে একজন  ঠিকাদারকে অপহরণ করে কয়েকজন যুবক। পরে কবি নজরুল কলেজ থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2013, 10:55 AM

Updated : 23 Aug 2022, 10:11 AM

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে ঢাকার নিবার্হী হাকিম রেবেকা সুলতানার কাছে উত্তরা এলাকায় দুটি নির্মাণ কাজের দরপত্র জমা দেয়ার পর আদালত পাড়া থেকে পিডব্লিউডির প্রথম শ্রেনীর ঠিকাদার মো. জসিম উদ্দিনকে (৫০) ৪০/৫০ জনের একটি দল ধরে নিয়ে যায়। এ সময় তারা নিজেদের ছাত্রলীগের কর্মী দাবি করে।

কয়েকশ’ আইনজীবী, বিচারপ্রার্থী ও দোকানির সামনে এ ঘটনা ঘটে।

জসিমের ভাই একেএম জিয়াউদ্দিন আদালত পাড়ায় সাংবাদিকদের জানান, দরপত্র দাখিল না করার জন্য রোববার তার ভাইকে হুমকি দেয়া হয়েছিল। তার ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম জসিম অ্যান্ড কোম্পানি।

কোতোয়ালি থানার ওসি এবি সিদ্দিক জানান,  ধরে নিয়ে যাওয়ার আধা ঘণ্টার মাথায় কবি নজরুল কলেজ ক্যাম্পাস থেকে অপহৃত ঠিকাদারকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।