২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিঠে ছুরি মেরে শিক্ষক খুন

কেরানীগঞ্জের চুনকুটিয়ায় এক স্কুল শিক্ষককে পিঠে ছুরি মেরে হত্যা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2013, 06:00 AM

Updated : 23 Aug 2022, 10:11 AM

এসএসসি পরীক্ষায় নকলে বাধা দেয়ায় এক ছাত্র এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশের ধারণা।

নিহত মোস্তাফা ভূঁইয়া (৩৫) চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক ছিলেন।

ছাত্র-ছাত্রীদের বরাত দিয়ে স্কুলের সহকারী প্রধান শিক্ষক রোকসানা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মোস্তফা পূর্ব চুনাকুটিয়ায় তার ভাড়া বাসায় ছাত্র-ছাত্রীদের পড়ানোর সময় রিয়াদ নামে এক শিক্ষার্থী তাকে ডেকে বারান্দায় নিয়ে যায়। তার ফিরতে দেরি হচ্ছে দেখে ছাত্র-ছাত্রীরা বারান্দায় গিয়ে পিঠে ছুরি গাঁথা অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে।”

এরপর এলাকাবাসী মোস্তফাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্কুলের প্রধান শিক্ষক কে এম ইলিয়াস উদ্দিনের বরাত দিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মো. শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নকল করতে বাধা দেয়ায় ক্ষোভ থেকে রিয়াদ নামের ওই এসএসসি পরীক্ষার্থী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

তিনি বলেন, রোববার ছিল এসএসসি গণিত বিষয়ে পরীক্ষা। ওই শিক্ষক চুনিকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩১০ নম্বর কক্ষে পরিদর্শকের দায়িত্বে ছিলেন।

রিয়াদ ওই কক্ষের একজন পরীক্ষার্থী। সে দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগের ওরিয়েন্ট টেক্সটাইলস মিলস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

রিয়াদের বাড়ি চরকালীগঞ্জে। তার বাবার নাম ইব্রাহিম মেম্বার।

এদিকে মোস্তফার মৃত্যুর খবর পেয়ে নারায়ণগঞ্জের আড়াই হাজার থেকে সকালে হাসপাতালে ছুটে আসেন তার মা ও ভাই।

মা রহিমা বেগম মর্গের দরজার সামনে কাঁদতে কাঁদতে বলেন, “স্বামীকে হারানোর পর ছোট ছোট তিন ছেলেকে নিয়ে অনেক কষ্ট করেছি। ছেলেটা বড় হওয়ার পর সংসারের হাল ধরেছিল। এখন আমাদের কি হবে।”

ছোটভাই দ্বীন মোহাম্মদ জানান, মোস্তফাই ছিলেন তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

এদিকে শিক্ষক মোস্তফার হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে ঢাকা-মাওয়া সড়কের চুনকুটিয়া চৌরাস্তা অবরোধ করে সকালে বিক্ষোভ দেখিয়েছে চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার সন্ধ্যার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, রিয়াদকে গ্রেপ্তারের চেষ্ট চলছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হচ্ছে।

তিনি বলেন, শিক্ষক হত্যাকাণ্ডের পর হাসপাতাল মর্গে শিক্ষমন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষা সচিব ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান যান।

নিহতের মরদেহ তার গ্রামের বাড়ি নারায়নগঞ্জের আড়াই হাজারে দাফনের জন্য নেওয়া হয়েছে বলে ওসি জানান।