২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলাপি ঋণ ৪৩ হাজার কোটি টাকা

অতীতের সব রেকর্ড ছাড়িয়ে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ প্রায় ৪৩ হাজার কোটি টাকায় ঠেকেছে। এ হিসেবে এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার কোটি টাকার বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শেখ আবদুল্লাহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2013, 03:10 PM

Updated : 23 Aug 2022, 10:11 AM

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হিসাবে, ২০১২ সাল শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪২ হাজার ৭২৫ কোটি টাকা।

২০১১ সালের শেষে এটি ছিলো ২২ হাজার ৭০৯ কোটি টাকা।

খেলাপি ঋণ বিষয়ক বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ডিসেম্বর শেষে ব্যাংকিং খাতের ৪ লাখ ২৬ হাজার ১৫২ কোটি ৭৯ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়েছে। এরমধ্যে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪২ হাজার ৭২৫ কোটি ৬১ লাখ টাকা, যা মোট বিতরণকৃত ঋণের ১০ শতাংশের বেশি।

ডিসেম্বর শেষে রাষ্ট্রীয় মালিনাধীন চার বাণিজ্যিক ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২১ হাজার ৫১৪ কোটি ৯ লাখ টাকা।

আর বেসরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ ১৩ হাজার ৩৪ কোটি ৮৬ লাখ, বিদেশি ব্যাংকগুলোতে ৫৪৫ কোটি ৩২ লাখ এবং রাষ্ট্রমালিকানাধীন ৫টি বিশেষায়িত ব্যাংকে ৭ হাজার ৬৩০ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহিম খালেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মূলত চারটি কারণে খেলাপি ঋণ বেড়েছে। এগুলো হচ্ছে গত বছর রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর দূর্নীতি ও অব্যবস্থাপনা, ব্যবসার মন্দা ও উচ্চ সুদ। এছাড়া কিছু ব্যাংকের পুঁজি বাজারের অতিরিক্ত বিনিয়োগ ছিলো, যার একটি অংশ খেলাপি হয়ে গেছে।

ব্যাংকাররা বলছেন, শিল্প-বাণিজ্যের কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। যেমন, রিয়েল এস্টেট খাত, জাহাজভাঙা শিল্প, আমদানি অর্থায়ন ইত্যাদি ক্ষেত্রে ঋণ আদায় হচ্ছে না। এর ফলে খেলাপি ঋণ বেড়েছে বলে মনে করছেন তারা।

কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, “কতগুলো ব্যাংক অনেক ক্ষেত্রেই ঋণ ঝুঁকির বিষয়গুলো বিশ্লেষণ না করে ঋণ দিয়েছে। ফলে এখন তা খেলাপিতে পরিণত হয়েছে। আবার তাদের আদায় তৎপরতাও তেমন জোরদার নয়, নগদ আদায় অনেক কম।

তিনি বলেন, আমরা যেসব ব্যাংকের খেলাপি ঋণ বেশি বেড়েছে তাদের চিঠি দেব। কোথায়, কীভাবে আদায় তৎপরতা বৃদ্ধি করা যায়, তার উদ্যোগ নিতে বলব।

সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ছিলো ৩৬ হাজার ২৮২ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৮ দশমিক ৭৫ শতাংশ।

এই সময় আগের প্রান্তিকের (জুন প্রান্তিক) তুলনায় প্রায় সোয়া ৭ হাজার কোটি টাকার খেলাপি ঋণ বেশি ছিল।

২০১২ সালের জুন মাস শেষে খেলাপি ঋণ ছিলো ২৯ হাজার কোটি টাকা বা বিতরণকৃত মোট ঋণের ৭ দশমিক ১৭ শতাংশ এবং মার্চ মাসে তা ছিলো ২৫ হাজার ২৮৯ কোটি টাকা বা বিতরণ করা ঋণের ৬ দশমিক ৫৭ শতাংশ।

নব্বইয়ের দশক ধরে ব্যাংক খাতে খেলাপি ঋণের বড় সংকট তৈরি হয়। ২০০৩ সালে পুরোনো খেলাপি ঋণ কিছু নিয়ম-কানুন অনুসরণ করে অবলোপন বা রাইট অফ করার সিদ্ধান্ত দেয় বাংলাদেশ ব্যাংক। এর পরিপ্রেক্ষিতে খেলাপি ঋণ অনেক কমে আসছিল কয়েক বছর ধরে। তবে ২০১২ সালের শুরু থেকেই খেলাপি ঋণ আবার আশঙ্কাজনক হারে বাড়তে থাকে, যা বছর শেষে এসে মোট বিতরণকৃত ঋণের ১০ শতাংশ পেরিয়ে গেলো।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সোনালী ও অগ্রণী ব্যাংকে খেলাপি ঋণ বৃদ্ধির পরিমাণ সবচেয়ে বেশি। এই ব্যাপক মধ্যে একমাত্র হল-মার্ক কেলেঙ্কারিতেই সোনালী ব্যাংকে প্রায় ৫০০ কোটি টাকার ঋণ খেলাপি হয়েছে। রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মতো বেসরকারি ব্যাংকগুলোতেও খেলাপি ঋণ হঠাৎ বেড়েছে।