২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শাহবাগে’ একাত্মতা সংসদের

দেশজুড়ে অকুণ্ঠ সমর্থনের পর রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান জাতীয় সংসদের সমর্থন পেয়েছেন শাহবাগের আন্দোলনকারীরা।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2013, 01:35 PM

Updated : 23 Aug 2022, 10:11 AM

আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায়ের দাবিতে সূচিত এই আন্দোলনের ষষ্ঠ দিন রোববার সংসদের পক্ষ থেকে এই সমর্থন জানানো হয়।

সংসদের অধিবেশনের শুরুতেই কয়েকজন সংসদ সদস্য এই আন্দোলনে সংহতি জানানোর প্রস্তাব করেন কয়েকজন সংসদ সদস্য।

এরপর আবেগময় বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আন্দোলনে তার সমর্থন প্রকাশ করেন।

অনির্ধারিত আলোচনা শেষে স্পিকার আবদুল হামিদ সংসদের পক্ষ থেকে বলেন, “সারা দেশে যে গণজাগরণ চলছে, তার সঙ্গে এই মহান সংসদ একাত্মতা প্রকাশ করছে। আমি সকল সংসদ সদস্যের পক্ষ থেকে এই কথা জানাচ্ছি।”

এসময় সব সংসদ সদস্য টেবিল চাপড়ে এই বক্তব্যে সমর্থন জানান।

এই গণজাগরণে নিজের সমর্থন থাকলেও স্পিকার হিসেবে তা প্রকাশ করতে না পারার বেদনাও তুলে ধরেন তিনি।

“আপনারা আমাকে স্পিকার করে এমন নিরপেক্ষভাবে রেখেছেন যে কোনো বক্তব্য দিতে পারি না। মনের কথা আমার মনেই থেকে গেল।”

শাহবাগের আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল বিকালে স্পিকারকে ছয়টি দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেন। তিনি তা প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতাকে দেবেন বলে তখনি জানান।

ওই স্মারকলিপি পড়ার পর বক্তব্যে সংসদ নেতা শেখ হাসিনা আন্দোলনকারীদের অভিনন্দন জানিয়ে তাদের দাবি বাস্তবায়নের অঙ্গীকার করেন।

রায়ের বিষয়ে তিনি বলেন, “বিচারের রায় দেবে ট্রাইব্যুনাল, আইন দেখে তারা চলবে। মানুষের আকাঙ্ক্ষা যেন বিবেচনায় নেয়, সেই আহ্বান জানাব।”

গত ৫ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীর নেতা কাদের মোল্লাকে যাবজ্জীবন সাজার রায় দিলে তা প্রত্যাখ্যান করে শাহবাগে শুরু হয় প্রতিবাদী কর্মসূচি।

শাহবাগ থেকে প্রেরণা নিয়ে পরদিন জেলায় জেলায় শুরু হয় একই কর্মসূচি। গত শুক্রবার শাহবাগে লাখো জনতা আন্দোলনের অটল থাকার শপথ নেয়।

রোববার সংসদ অধিবেশনের শুরুতেই শাহবাগে তারুণ্যের গণজাগরণে সংসদ থেকে সংহতি জানানোর প্রস্তাব করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাতীয় পার্টির মুজিবুল হক।

মুজিবুল হক বলেন, “আমরা ৪২ বছরে যা করতে পারিনি, তা এই প্রজন্মের ডাকে হয়েছে।”

অবিলম্বে ট্রাইব্যুনালের আইন পরিবর্তন এবং প্রসিকিউশন শক্তিশালী করারও দাবি জানান তিনি।

পাশাপাশি মুজিবুল হক প্রস্তাব রাখেন- সংসদের একটি প্রতিনিধিদল যেন শাহবাগে পাঠানো হয়।

মেনন বলেন, “যে তরুণদের আমরা হিসাবে আনিনি। ভেবেছি দায়িত্ব থেকে বিবর্জিত। সে তরুণরা দায়িত্ব নিয়ে এসেছে আমাদের অসমাপ্ত কাজ শেষ করতে।

“সংসদ থেকে একটি দল গিয়ে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করা উচিত।”

কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায়ের পর ধরা পড়ে এর বিরুদ্ধে আপিলের সুযোগ প্রসিকিউশনের নেই। এরপর আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। 

এই বিষয়ে মন্ত্রিসভায় দ্রুত সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়নের তাগিদ দেন মেনন।

আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, “শাহবাগ চত্বরে নতুন প্রজন্ম গোটা জাতিকে উদ্বুদ্ধ করেছে। তাদের এই দাবি জাতীয় দাবিতে পরিণত হয়েছে। তাদের সঙ্গে আমি একাত্মতা প্রকাশ করছি।”

শাহবাগের এই গণজাগরণের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে বলেও দাবি করেন তিনি।

শেখ সেলিম বলেন, “বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন ট্রাইব্যুনাল ভেঙে দিতে বলেছেন। তিনি জাতিসংঘের তত্ত্বাবধানে এই বিচার চালাতে বলেছেন।”

আওয়ামী লীগ জামায়াতের সঙ্গে আঁতাত করেছে- এই অভিযোগের জবাবে তিনি বলেন, “আওয়ামী লীগ কোনো আঁতাত ও ষড়যন্ত্রের রাজনীতি করে না। শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল বলেই যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে।”

বিরোধীদলীয় নেতার উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, “নিজামীর সঙ্গে মীর জাফর হবেন না। আপনারও একই পরিণতি হবে। পালনোর জায়গা পাবেন না।”

“এখনো ঠিক না হলে যুদ্ধাপরাধীদের সহায়তার জন্য আপনারও বিচার হবে।”

অবশ্য অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে বক্তব্য শেষ করতে না দেয়ায় ওয়াকআউট করেন স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিম।
তবে তার আগে শাহবাগের গণজাগরণকে অভিনন্দন জানিয়ে ফজলুল আজিম বলেন, “প্রজন্ম চত্বরে যা হচ্ছে- তা প্রকৃত অর্থেই জনগণের আন্দোলন। এটা নিয়ে কোনো রাজনৈতিক দলের উৎসাহ দেখানো ঠিক হবে না।”

এ সময় সরকারদলীয় সংসদ সদস্যরা হৈ হৈ করে প্রতিবাদ করতে থাকেন।

তখন ফজলুল আজিম বলেন, “এই বিচার নিয়ে সারা জাতি একমত। বিচারটিকে স্বচ্ছ করুন। বিচারটি নিয়ে যেন রাজনীতিকরণ না হয়।”

ফজলুল আজিমের এই বক্তব্যে গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, হুইপ আ স ম ফিরোজসহ অনেকেই প্রতিবাদ জানান।

সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পী বলেন, “স্বাধীনতা নিয়ে কোনো অপপ্রচার সহ্য করতে পারি না। শাহবাগে তারুণ্য জেগে উঠেছে।

“এই বিচার অনেকের ভালো লাগছে না। যারা শাহ আজিজ ও আব্দুল আলিমকে মন্ত্রী বানিয়েছিল, তাদের ভালো লাগছে না।”

আওয়ামী লীগের খালিদ মাহমুদ চৌধুরী শাহবাগের গণজাগরণের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, “যারা এই বিচারের বিপক্ষে দাঁড়িয়েছে- তাদের বিচার করতে হবে।”

তারানা হালিম বলেন, “আমরা জাতীয় সংসদে শারীরিকভাবে সংসদে আছি। কিন্তু, আত্মা পড়ে আছে শাহবাগে।”

“তাদের সঙ্গে গলা মিলিয়ে বলতে হবে, জামাতে ইসলাম, মেড ইন পাকিস্তান। জামাতে ইসলাম, মেড ফর পাকিস্তান।”

জাসদের মইনুদ্দিন খান বাদল বলেন, “১৯৭১ আবার জন্ম নিয়েছে। নব প্রজন্মের মক্তিযোদ্ধাদের পুনর্জন্ম হয়েছে। ওদের (বিরোধীদল) সঙ্গে কুতর্ক করে লাভ নেই, যা সিদ্ধান্ত নেয়ার তা রাস্তা নেবে।”

বাদল আরো বলেন, “জামাত এক মাত্র দল যারা দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে। সময় এসেছে- এই বিষধর সাপকে তার যথাযথ নিয়তির দিকে পাঠাতে।”

এই অনির্ধারিত আলোচনায় আরো অংশ নেন মতিয়া চৌধুরী, দীপু মনি, আব্দুল লতিফ সিদ্দিকী, হাছান মাহমুদ, আব্দুস শহীদ, আব্দুল মতিন খসরু, আব্দুল মান্নান, খান টিপু সুলতান, শাহিন মনোয়ারা হক, চেমন আরা বেগম, মোশাররফ হোসেন, ইসরাফিল আলম, সুবিদ আলী ভুইয়া, তাজুল ইসলাম, আ ক ম মোজাম্মেল হক, অপু উকিল, জুনায়েদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, পারভিন তালুকদার, শাহেদা তারিখ দিপ্তী, মুরাদ জং।

পুরনো খবর:

স্পিকারকে স্মারকলিপি গণজাগরণ মঞ্চের