২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনে ‘অপর্যাপ্ত দণ্ড’ যোগ করার পরামর্শ

‘অপর্যাপ্ত সাজার’ বিরুদ্ধে আপিলের সুযোগ রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ সংশোধনের জন্য আইন মন্ত্রণালয়ে সুপারিশ করেছে আইন কমিশন।

সুলাইমান নিলয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2013, 11:45 AM

Updated : 23 Aug 2022, 10:11 AM

রোববার আইন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এম শাহ আলম স্বাক্ষরিত একটি প্রতিবেদনে সংশোধনের এই সুপারিশ করা হয়।

সরকারের পক্ষ থেকে এরইমধ্যে আইন সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভায় তোলার সিদ্ধান্ত জানানো হয়েছে।

অধ্যাপক এম শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই আইন আরো সংশোধনের প্রয়োজন রয়েছে। মূল আইনের সরকারের আপিলের অধিকার ছিল না। দেশের সার্বিক পরিস্থিতি এবং জনমানুষের দাবির প্রেক্ষিতে এই আইন সংশোধনের প্রস্তাব করেছি আমরা।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সেকশন ২১(২)এ বলা হয়েছে, খালাসের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সরকারের আপিলের অধিকার রয়েছে।

আইন কমিশনের প্রস্তাবিত সংশোধনীতে ‘খালাস’ শব্দের পরে ‘অথবা একটি অপর্যাপ্ত দণ্ড’ যুক্ত করার সুপারিশ করা হয়েছে। আইন কমিশনের সুপারিশ অনুসারে সংশোধিত হলে ধারাটি হবে, ‘খালাস অথবা একটি অপর্যাপ্ত দণ্ডের আদেশের বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সরকারের আপিলের অধিকার রয়েছে।’

প্রতিবেদনে ২১(৩) ধারাতেও ‘অথবা একটি অপর্যাপ্ত দণ্ড’ যোগ করার সুপারিশ করা হয়েছে।

যুদ্ধাপরাধের বিচারে ১৯৭৩ সালে প্রণীত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন বর্তমান সরকার আমলে সংশোধনের পর ২০১০ সালে বহু প্রতীক্ষিত এই বিচার প্রক্রিয়া শুরু হয়।

১৯৭৩ সালের আইনে সরকারের আপিলের কোনো সুযোগ ছিল না, সংশোধনীতে খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ যোগ হয়।

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রথম রায়ে আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ড দেয়া হয়। দ্বিতীয় রায়ে যাবজ্জীবন সাজা হয় জামায়াত নেতা কাদের মোল্লার।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার বিরুদ্ধে ট্রাইব্যুনালের ওই রায় প্রত্যাখ্যান করে সারাদেশে বিক্ষোভ চলছে। শাহবাগে টানা ছয় দিন ধরে চলছে অবস্থান কর্মসূচি।

বিক্ষোভের পর সরকারের পক্ষ থেকে আপিলের কথা বলা হলেও অনেক আইনজীবীই বলেছেন, দণ্ড বাড়াতে আপিলের সুযোগ বর্তমান আইনে নেই।

ঘাতক-দালাল নির্মূল কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার তুরিন আফরোজ বলেন, দণ্ড কমাতে আসামির আপিলের সুযোগ থাকলেও সাজার মাত্রা বাড়াতে আপিলের সুযোগ নেই।

কাদের মোল্লার বিরুদ্ধে ছয়টি অভিযোগ ছিল, এর মধ্যে পাঁচটি প্রমাণিত হওয়ায় তাকে কারাদণ্ড দেয়া হয়। একটি অভিযোগে তাকে খালাস দেয়া হয়।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই খালাসের বিরুদ্ধেই শুধু আপিল করা যাচ্ছে।

তিনি বলেন, “আইনে বলা হয়েছে, খালাসের বিরুদ্ধে আপিল করা যাবে। সেটা এক অভিযোগও হতে পারে, আবার পূর্ণ খালাসও হতে পারে।”

এদিকে যাবজ্জীবন সাজার বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে কাদের মোল্লার এবং তা করা হবে বলেও জানিয়েছেন তার আইনজীবীরা।

আইন মন্ত্রী শফিক আহমেদ রোববার এক সভার পর সাংবাদিকদের জানান,

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে আসামি ও রাষ্ট্রপক্ষের জন্য সমান সুযোগ রেখে আইন সংশোধনের প্রস্তাব সোমবার মন্ত্রিসভায় তোলা হবে।    

মন্ত্রিসভার নীতিগত অনুমোদন পেলে এ সপ্তাহের মধ্যেই এ সংশোধনী সংসদে নেয়া হবে এবং সংসদের চলতি অধিবেশনেই সংশোধিত বিল পাস হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

আইন মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, রায়ের ৩০ দিনের মধ্যে আপিল করার পর আপিল বিভাগকে তা ৪৫ দিনের মধ্যে তা নিস্পত্তি করতে হবে। প্রয়োজনে আরো ১৫ দিন সময় নেয়া যাবে। অথাৎ, আপিল করার পর সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে তা নিস্পত্তি করতে হবে।

পুরনো খবর:

আপিলে সমান সুযোগের প্রস্তাব মন্ত্রিসভায় উঠছে