রংপুরে চাঁদাবাজি বন্ধে সড়ক অবরোধ
পুলিশকে অভিযোগ দিয়েও চাঁদাবাজির প্রতিকার না পেয়ে রংপুর নগরীতে সড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা।
রোববার বেলা ১২টা থেকে সাড়ে তিন ঘণ্টা নগরীর ছালেক পাম্প সংলগ্ন প্রধান সড়ক অবরোধ করা হয়। এ সময় তীব্র যানজটের সৃষ্টি হয়।
পরে পুলিশের ব্যবস্থা নেয়ার আশ্বাসে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
পিক-আপ চালক লিটন হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা সাড়ে ১১টায় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের ভাগ্নে আশরাফুল ইসলাম দলবল নিয়ে ছালেক পাম্প সংলগ্ন স্ট্যান্ডে আসেন।
এ সময় তারা কার, মাইক্রোবাস, পিক-আপ ও জিপ চালকদের কাছ থেকে দৈনিক ৫০ টাকা হারে চাঁদা দিতে হবে বলে জানায়। না দিলে সড়কে চলাচল করতে না দেয়ার হুমকি দেয়।
“এ ঘটনার প্রতিবাদে এবং আশরাফুলের গ্রেপ্তার দাবিতে আমরা (পরিবহন শ্রমিক) সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করি,” বলেন পিক-আপ চালক লিটন।
রংপুর কার, মাইক্রো, পিক-আপ ও জিপ মালিক সমিতির সাধারণ সম্পাদক আসিফ খান বাপ্পী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আশরাফুল দলবল নিয়ে প্রায়দিন এসে চাঁদা দাবি করেন।
“বিষয়টি রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি (উপ-মহাপরিদর্শক), পুলিশ সুপার এবং কোতোয়ালি থানার ওসিকে লিখিতভাবে জানিয়েছি। কিন্তু কোনো কাজ হয়নি। তাই বাধ্য হয়ে শ্রমিক-মালিকরা পথে নেমেছে,” বলেন আসিফ খান।
তবে কোতোয়ালি থানার ওসি এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়ায় অবরোধ তুলে নেয়া হয়, বলেন তিনি।
কোতোয়ালি থানার ওসি শাহাবুদ্দিন খলিফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আশরাফুলকে গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়েছে।
