এনামুলের গ্রেপ্তার লোক দেখানো: নাজমুল হুদা
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির বাড়ির পাহারাদার হুমায়ুন কবির ওরফে এনামুলকে গ্রেপ্তারের বিষয়টি ‘লোক দেখানো’ বলে মনে করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্টের নেতা নাজমুল হুদা।
রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সাগর-রুনির খুনিকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বাংলাদেশ নিউ জেনারেশন পার্টি আয়োজিত এক মানববন্ধনে তিনি বলেন, “২১ ফেব্রুয়ারি আসলে আমরা যেমন বাংলা ভাষার চর্চা শুরু করি। কিন্তু পরে আর এই ভাষা নিয়ে ভাবি না এবং চর্চা করি না। ঠিক তেমনি সাগর- রুনির প্রথম মৃত্যুবার্ষিকী সামনে রেখে এনামুলকে গ্রেপ্তার করা হয়েছে।”
এসব করে কোনো ‘ফল’ আসবে না বলেও মন্তব্য করেন তিনি।
এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচন করতে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান সাবেক বিএনপি নেতা হুদা।
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, “ দেখুন নতুন যুবাদের আন্দোলন। সুতরাং সবাই ঠিক হয়ে যান। তা না হলে তরুণদের আন্দোলনের কাছে সবার নত স্বীকার করতে হবে।”
কয়েকদিন ধরেই সংবাদ মাধ্যমগুলোতে এনামুলের গ্রেপ্তারের খবর আলোচনায় থাকলেও গত শনিবার র্যাবের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা থেকে শ্রীমঙ্গল যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকে শনিবার ভোর ৫টার দিকে হুমায়ুন ওরফে এনামুলকে গ্রেপ্তার করা হয়।।
গত বছরের ১১ ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি। এক বছরেও চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের কোনো কূল-কিনারা করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী, যা নিয়ে সাংবাদিকদের মধ্যে ক্ষোভ রয়েছে।
ঘটনার আট মাস পর গত ৯ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর জানান, হত্যাকাণ্ডে জড়িত হিসেবে আটজনকে সনাক্ত করা হয়েছে। ওই আটজনের মধ্যে শুধু এনামুলই পলাতক ছিলেন। বাকি সাতজন গ্রেপ্তার ছিলেন। এনামুলকে ধরিয়ে দিতে ১০ লাখ টাকা পুরস্কারও ঘোষণা করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সাগর-রুনি খুন হওয়ার পরদিন এনামুলকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করলেও পরে তাকে ছেড়ে দেয়। পুলিশের কাছ থেকে এই হত্যাকাণ্ড তদন্তের দায়িত্ব নেয়ার পর থেকে এনামুলকে খোঁজা হচ্ছিল বলে র্যাব জানিয়ে আসছে।
