২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র থেকে সংহতি গণজাগরণে

যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শাহবাগে গণজাগরণের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2013, 09:10 AM

Updated : 23 Aug 2022, 10:11 AM

তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বরফ ঢাকা রাস্তায় প্রদীপ জ্বালিয়ে ‘৭১’ লেখার পাশাপাশি তাদের মুখে শ্লোগান, “আমরা একাত্তর দেখিনি/ আমরা শাহবাগের গণজাগরণ দেখলাম/ আমরা শাহবাগে সশরীরে নেই/ কিন্তু আমাদের আত্মাটা সবসময়ই শাহবাগে।”

শাহবাগে গণজাগরণের ঢেউ দেশের সীমানা ছাড়িয়েছে আগেই।

৬ ফেব্রুয়ারি থেকেই বিভিন্ন সংগঠনের ব্যানারে আব্দুল কাদের মোল্লাসহ সব রাজাকারের ফাঁসির দাবিতে আমেরিকার বিভিন্ন শহরে বিক্ষোভ-সমাবেশ চলছে।  

৮ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের সামনে রাজাকারদের ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়। ওয়াশিংটন ডিসি, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া ও ডেলওয়ারে অঙ্গরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা ‘দৃষ্টিপাত’ নামের একটি সংগঠনের ব্যানারে মানববন্ধন কর্মসূচীতে অংশ নেয়।

সব সমাবেশেই কবিতা আবৃত্তি ও গানেগানে যুদ্ধাপরাধীদের ফাঁসি দাবি করা হচ্ছে।

৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় (বাংলাদেশ সময় রোববার সকাল) নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।

শাহবাগের কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে ‘তুই রাজাকার’ ধ্বনিতে শ্লোগান ভিন্ন ভাষাভাষীদের কৌতুহল বাড়িয়েছে।

যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু পরিষদের সেক্রেটারি শিতাংশু গুহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যাদেরকে কখনোই কোন সভা-সমাবেশে দেখিনি, তারা হাড় কাঁপানো শীত উপেক্ষা করে পোস্টারসহ বিক্ষোভ করছে। এটা দেখে আমার হৃদয়টা জুড়িয়ে গেছে। একাত্তরের উত্তাল মার্চের মতই বাঙালিরা আবার জেগে উঠছে।”

যুক্তরাষ্ট্র জাসদের সেক্রেটারি নূরে আলম গেদু বলেন, “একাত্তরের ঘাতকদের প্রতি নতুন প্রজন্মের এই যে ঘৃণাবোধ, তা আমাকে অভিভূত করেছে। আমরা যা করতে পারিনি নতুন প্রজন্ম তা করে দেখাচ্ছে।”

এর আগে ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় (বাংলাদেশ সময় শুক্রবার সকাল) নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ‘ঘাতকদের ফাঁসি চাই/আর কোনো দাবি নাই’ স্লোগান দিয়ে সমবেত হন প্রবাসীরা।

এ কর্মসূচির প্রধান উদ্যোক্তা যুক্তরাষ্ট্রের মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি জাকারিয়া চৌধুরী।

১০ ফেব্রুয়ারি বিকালে (বাংলাদেশ সময় সোমবার সকাল) নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ও ফ্লোরিডার মায়ামীতে পৃথক দুটি মানববন্ধন হওয়া কথা রয়েছে।