২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহবাগে ‘ফাঁসির মঞ্চ’ প্রস্তুত

দুপুরের রোদ কিংবা গভীর রাতের শীত কোনটিই বাধা হতে পারছে না প্রজন্ম চত্ত্বরের গণজোয়ারে। জাগরণের ষষ্ঠ দিনও স্লোগানে গানে প্রাণে ভরপুর রাতজাগা শাহবাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মামুনুর রশীদ, ফয়জুল সিদ্দিকী ও সুজন মণ্ডল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2013, 05:00 AM

Updated : 13 Oct 2022, 02:47 PM

অন্যান্য দিনের মতো রোববারও সকাল হওয়ার পর লোক সমাগম বাড়তে শুরু করেছে। নানা বয়সের, নানা শ্রেণি পেশার মানুষ কণ্ঠ মেলাচ্ছেন আব্দুল কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে। তৈরি হয়েছে প্রতীকী ফাঁসির মঞ্চও।

শাহবাগ মোড় সংলগ্ন চারটি সড়ক টানা পাঁচ দিন বন্ধ থাকার পর রোববার যান চলাচলের জন্য শিথিল করে দেয়া হয়েছে বারডেম হাসপাতালের সামনে দিয়ে মৎস্যভবনগামী রাস্তাটি।

এর ফলে চাপ বেশি হলে ফার্মগেইট ও কারওয়ানবাজার হয়ে আসা যানবাহন শাহবাগ দিয়ে প্রেসক্ল্বাব-পল্টন হয়ে মতিঝিলে যেতে পারবে।

তবে উল্টো দিক থেকে আসা যানবাহনকে মৎস্যভবন, মিন্টো রোড হয়ে রূপসী বাংলা হোটেলের সামনে দিয়ে ফার্মগেইটের দিকে যেতে হবে।

পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জনসমাগম কম থাকায় যান চলাচলের সুবিধার কথা ভেবে সকাল থেকে মাঝে মধ্যে সড়কের ওই অংশ খুলে দেয়া হচ্ছে। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেই এটা করা হয়েছে। জমায়েত বেড়ে গেলে আবার রাস্তা বন্ধ রাখা হচ্ছে।”

এদিকে  শাহবাগ মোড় সংলগ্ন পূবালী ব্যাংকের সামনে তৈরি হয়েছে প্রতীকী ফাঁসির মঞ্চ। ১৫ ফুট বাই ৮ ফুট এ মঞ্চে যুদ্ধাপরাধীদের প্রতীকী ফাঁসি দেয়া হবে বলে উদ্যোক্তারা জানালেন। 

জাদুঘরের সামনে সাদা কাপড় বিছিয়ে ফাঁসির দাবিতে স্বাক্ষর সংগ্রহ শুরু করেছে গণমাধ্যমকর্মীরা।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার আদেশ প্রত্যাখ্যান করে তার ফাঁসির দাবিতে গত ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় শাহবাগ মোড়ে এই আন্দোলনের সূচনা করে ব্লগার ও অনলাইন অ্যক্টিভিস্টদের একটি সংগঠন। সেই থেকে সকাল-দুপুর-রাত টানা জমায়েত চলছে।   

শুক্রবার বিকালে এই শাহবাগেই প্রায় আড়াই লাখ মানুষের এক মহাসমাবেশে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ নেয়া হয়। জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ এবং দলটির সঙ্গে সংশ্লিষ্ট সব সংগঠন ও প্রতিষ্ঠানি বয়কটেরও আহ্বান জানানো হয় মহা সমাবেশ থেকে।  

রোববারও শাহবাগ মোড়ে গান, কবিতা, স্লোগান, নাটক আর স্লোগানে স্লোগানে রাত কাটিয়েছেন কয়েক হাজার মানুষ। মাথায় লাল সবুজ পতাকা বেঁধে, মুষ্টিবদ্ধ হাত তুলে দৃপ্ত কণ্ঠে একটাই দাবি জানিয়ে যাচ্ছেন তারা- ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই।

চারুকলার সামনের রাস্তায় গানের মাধ্যমে রাজাকারদের ফাঁসির দাবি তোলে ‘শিল্পী সমাজ’।  এর কয়েক হাত দূরেই ছিল ‘তীরন্দাজ’, যাদের নাটকেও ছিল ফাঁসির দাবি।

জাতীয় জাদুঘরের সামনের আইল্যান্ডে বসেছিলেন ঢাক বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক  ‘শাহবাগ সাইবার যুদ্ধ’ এর যোদ্ধারা। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোর মাধ্যমে যুদ্ধাপরাধের বিচারের দাবি আর শাহবাগ গণজাগরণের সর্বশেষ পরিস্থিতি তারা ছড়িয়ে দিচ্ছেন বিশ্বময়।

শাহবাগ মোড়ের পুর্ব-দক্ষিন পাশের রাস্তায় বড় পর্দায় দেখানো হয় মুক্তিযুদ্ধভিত্তিক চলচিত্র ও তথ্যচিত্র।

মূলমঞ্চ ছাড়াও শাহবাগ মোড় ঘিরে কিছু দূর পরপরেই তরুণ-যুবাদের ছোট ছোট দল রাতভর স্লোগানে স্লোগানে মুখোরিত করে রাখে চারপাশ।

স্ত্রী-সন্তানদের নিয়ে মধ্যরাতে শাহবাগে আসা কাওসার উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দিনে ব্যস্ততার কারণে আসতে পারিনি। তাই সবাইকে নিয়ে রাতেই এলাম।”

ধানমন্ডি থেকে আসা এই ব্যাংক কর্মকর্তা বলেন,“কালিমামুক্ত বাংলাদেশ গড়তে য়ুদ্ধাপরাধীদের ফাঁসির বিকল্প নেই।”