২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণে দুই জন আহত হয়েছে। বিস্ফোরণে ঘরের টিনের ছাউনি উড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2013, 08:37 PM

Updated : 25 Apr 2022, 06:21 PM

আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে পুলিশের ধারণা।

শনিবার রাত সাড়ে ১১টায় রসুলবাগ এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

এলাকাবাসীর বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রসুলবাগ এলাকায় সালাউদ্দিন ও হান্নান নামের দুই যুবক ঘরে বসে বোমা বানানোর সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে ঘরের টিনের চাল ও দরজা ভেঙ্গে পড়ে যায় এবং দেয়ালে ভাঙ্গনের সৃষ্টি হয়।

বিস্ফোরণে গুরুতর আহত হয় সালাউদ্দিন ও হান্নান। সালাউদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আর হান্নানকে শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরো জানান, আহত দুইজনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে বিস্ফোরণের পর ওই ঘর থেকে বোমা বানানোর জন্য রাখা তার, বিস্ফোরকসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা তারা জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত।