বাংলাদেশে ইউটিউব বিষয়ে ‘মন্তব্য নেই’ গুগলের
বাংলাদেশের জন্য আপত্তিকর ভিডিও ফুটেজ অপসারণের বিষয়ে কোন মন্তব্য পাওয়া যায়নি গুগল কর্তৃপক্ষের।
রোববার গুগল এশিয়া প্যাসিফিক ডিরেক্টর অব পাবলিক পলিসি অ্যান লেভিনের কাছে কবে নাগাদ এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।
বাংলাদেশের জন্য আপত্তিকর ভিডিও ফুটেজ কবে অপসারণের বিষয়েও প্রশ্ন করা হয়েছিল এই গুগল কর্মকর্তার কাছে।
এ বিষয়ে অ্যান লেভিন বলেন, “এ ব্যাপারে কোন মন্তব্য করতে চাচ্ছি না।”
ইসলাম ও হযরত মোহাম্মদকে (স.) অবমাননা করে নির্মিত চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিম’ এর ভিডিও ফুটেজ সরিয়ে নিতে গুগলকে চিঠি দেয়ার পরও কোন ব্যবস্থা না নেয়ায় ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ থেকে ইউটিউবে প্রবেশ সাময়িকভাবে বন্ধ করে দেয় বিটিআরসি।
৩০ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে বিটিআরসি ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ আপত্তিকর ভিডিও ফুটেজ সরালে যে কোন মুহূর্তে ইউটিউব খুলে দেয়ার কথা বলেন।
২০১২ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া ‘ইনোসেন্স অব মুসলিম’ ছবিটির পরিচালক স্যাম বাসিল।
চলচ্চিত্রটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে সম্প্রতি মধ্যপ্রাচ্যে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। লিবিয়া ও মিশরে ইসলামপন্থীরা যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা চালায়। রকেট হামলায় নিহত হন লিবিয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনসসহ চার জন।
বাংলাদেশেও কয়েকটি ইসলামী সংগঠন বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের পতাকায় অগ্নিসংযোগ করে।
ইসলাম ও হযরত মোহাম্মদকে (স.) অবমাননা করে নির্মিত চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিম’ মুক্তি দেয়ারও প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এরই মধ্যে ছবিটির পরিচালককে গ্রেপ্তার করার খবর এসেছে বিভিন্ন গণমাধ্যমে।
