বইমেলায়ও ফাঁসির দাবির প্রতিধ্বনি
এরই মধ্যে জমে ওঠেছে একুশের বইমেলা। প্রকাশকরা বলছেন, তাদের বিক্রিবাট্টাও বেশ হচ্ছে।
তবে সবকিছুকে ছাপিয়ে বাংলা একাডেমীর মেলা প্রাঙ্গণেও প্রতিধ্বনিত হচ্ছে শাহবাগে অবস্থান নেওয়া লাখো জনতার অগ্নিঝরা শ্লোগান। শাহবাগের ‘প্রজন্ম চত্বরে’ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গণজোয়ারের ঢেউ প্রতিক্ষণে আছড়ে পড়ছে বইমেলায়।
‘প্রজন্ম চত্বর’ আর মেলা প্রাঙ্গণ যেন একাকার হয়ে গেছে। বইপ্রেমীরা শাহবাগের এই গণআন্দোলনে সংহতি প্রকাশ করে মেলায় আসছেন।
বাংলা একাডেমীর মেলা প্রাঙ্গণে ঘুরে ঘুরে পছন্দের বইটি কিনছেন তারা। কেউ কেউ বন্ধুদের নিয়ে মেতে উঠেন জমপেশ আড্ডায়। শনিবার মেলা ঘুরে দেখা গেলো এই চিত্র।
সকালে টাঙ্গাইল থেকে ঢাকা এসেছেন রবিউল ইসলাম। বই কিনতেই অমর একুশে গ্রন্থমেলায় এসেছেন তিনি।
“আমি প্রতিবছর বইমেলায় আসি। এবারও আসার পরিকল্পনা করছিলাম আগ থেকেই। তবে কাদের মোল্লার ফাঁসির দাবিতে যখন তরুণরা রাজপথে, সেই ডাককে আর অবহেলা করতে পারলাম না। বেলা তিনটা পর্যন্ত আমি শাহবাগে ছিলাম। সবার সঙ্গে আমিও চিহ্নিত যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই,” বলেন রবিউল।
রাজউক উত্তরা মডেল কলেজের ছাত্র জাওয়াদ ফাহিমের কপালে বাঁধা এক টুকরো কাপড়ে লেখা ‘যুদ্ধাপরাধীর ফাঁসি চাই’। তিনি মেলায় প্রবেশের আগে শাহবাগে ছিলেন বেশ কিছুক্ষণ।
ক্ষোভের সঙ্গে ফাহিম বলেন, “আমি আমার দাদুর কাছে মুক্তিযুদ্ধের গল্প শুনেছি। সেসময় কিছু মানুষরূপী পশু আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিলো। আজো তাদের বিচার হয়নি, এটা খুবই লজ্জার। আমি এই পশুদের ফাঁসি চাই।”
বইমেলার স্টলগুলোর অনেক বিক্রয়কর্মীর মাথায় শোভা পাচ্ছে ‘যুদ্ধাপরাধীর ফাঁসি চাই’ লেখা ব্যান্ড।
নন্দিতা প্রকাশনীর বিক্রয়কর্মী ফারজানা ইয়াসমীন ও আহসান হাবীব ‘যুদ্ধাপরাধীর ফাঁসি চাই’ লেখা ব্যান্ড কপালে বেঁধেছেন। প্রকাশক বিধি রঞ্জন বলেন, “আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। পথে নামা ছাড়া এখন আর কিছুই করার নেই।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফিফার কন্ঠেও একই কথার প্রতিধ্বনি।
“মেলা আমাদের কাছে উৎসবের মত। আমরা প্রতিদিনই বইমেলায় আসি। এখন তো শাহবাগ ও মেলা এক হয়ে গেছে। এখন আমরা শাহবাগ যাচ্ছি।”
এই শিক্ষার্থী আরো জানালেন, প্রতিদিনই নতুন নতুন মুখ যোগ দিচ্ছে তাদের সঙ্গে। অপরিচিত অনেকের সঙ্গে দেখা হয়েছে গত কয়েকদিনে। এখনো যারা আসতে পারেননি তারা শাহবাগের এই গণসমাবেশে যোগ দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছে।
বইমেলায় জাফর ইকবাল
শনিবার বিকালে মেলায় আসেন লেখক-অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। তিনি নজরুল মঞ্চের পেছনের দিকে বসে শিশু-কিশোরদের অটোগ্রাফ দেন। কেউ কেউ তার সঙ্গে ছবিও তোলেন।
শিশুপ্রহর
সকাল ১০ টা থেকে দুপুর একটা পর্যন্ত ছিলো শিশু প্রহর। এ সময় শিশুদের পদচারণায় মুখর ছিলো মেলা প্রাঙ্গণ। তবে প্রকাশকরা জানান, এসময় বিক্রিবাট্টা ছিলো শুক্রবারের তুলনায় কম।
এ বিষয়ে আগামী প্রকাশনীর ওছমান গণি বলেন, “আজ শিশুদের উপস্থিতি থাকলেও বিক্রি ছিলো খুবই কম।”
সকালের দিকে মেলা প্রাঙ্গণের অন্য চত্বরগুলোতে তেমন একটা ভিড় ছিলনা। শিশুদের বই বিক্রির স্টলগুলোতেই ছিল শিশুদের পদচারণা। প্রতিবারের মতো এবারো শিশু কর্ণারটি সাজানো হয়েছে নজরকাড়া সব কার্টুন দিয়ে।
স্টলগুলোতে নয়নজুড়ানো ছবি সম্বলিত বই থরে থরে সাজানো। যদিও এবার মেলায় ডোরেমনসহ বিদেশি বই নিষিদ্ধ হওয়ায় শিশুদের হাতে উঠেছে মানসম্পন্ন বইগুলো। এছাড়া শিশুদের জন্য বিভিন্ন স্টলে রয়েছে খেলতে খেলতে বর্ণমালা শেখার সরঞ্জামাদি। আছে কাঠ ও প¬াস্টিকের তৈরি সংখ্যা, বর্ণ, ছড়া ও গানের বই।
মোড়ক উন্মোচন
শনিবার বাংলা একাডেমীর নজরুল মঞ্চে সাতটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বিজয় প্রকাশ নিয়ে এসেছে মীর তারিকুল ইসলাম সজীবের কাব্যগ্রন্থ ‘স্মৃতি নষ্ট হয়ে গেছে’। এর মোড়ক উন্মোচন করেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পবিত্র সরকার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক।
ভাষা সৈনিক আব্দুল মতিন নূরন্নবী বাবুলের ‘নীল পায়রা আক্রান্ত করতল’ ও আতাউর রহমান উন্মোচন করেন খন্দকার মাহফুজের ‘বিবর্ণ নগরী’। এছাড়া আরো উন্মোচিত হয় জাহানারা বুলার ‘যদি আরো কারে ভালোবাসো’, আসিফ মামুনের ‘রূপালী রোদ্দুর’, আব্দুর রহমান হৃদয়ের ‘আকাশে মেঘ’ ও এস. এম. শাওয়ান মনিরের ‘পারাপারের প্রার্থনা’।
নতুন বই
বাংলা একাডেমীর সমন্বয় ও জনসংযোগ উপবিভাগ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, শনিবার মেলায় নতুন বই এসেছে ১৬২টি। এর মধ্যে গল্পগ্রন্থ ১৫টি, উপন্যাস ৩০টি, প্রবন্ধ ১৬টি, কাব্যগ্রন্থ ২৮টি, গবেষণাগ্রন্থ ২টি, ছড়ার বই ১০টি, শিশুতোষ গ্রন্থ ৫টি, জীবনীগ্রন্থ ৩টি, মুক্তিযুদ্ধ বিষয়ক বই ৪টি, নাটক ২টি, বিজ্ঞান ৪টি, ভ্রমণ ৩টি, ইতিহাস ৪টি, চিকিৎসা/স্বাস্থ্য ৩টি, রম্য/ধাঁধা ৪টি, অনুবাদ গ্রন্থ ৩টি, সায়েন্স ফিকশন ২টি এবং অন্যান্য বিষয়ের উপর ২৪টি।
সূচিপত্র এনেছে মারুফ কামাল খানের ‘অসময়ের কোড়ে’, আগামী এনেছে মাহবুব সিদ্দিকীর ‘আম’, ড. শেখ গাউস মিয়ার ‘বাংলাদেশের উৎসব ও মেলা: বৃহত্তর খুলনা জেলা’, মিজান এনেছে মাহবুব চৌধুরীর ‘ভূতের চিঠি’, বিদ্যা প্রকাশ এনেছে আনোয়ারা সৈয়দ হকের ‘তপনের মুক্তিযুদ্ধ’, জুলফিয়া ইসলামের ‘মনোভূবনের বিচিত্র আলো আঁধারি’, স্বকৃত নোমানের ‘হীরকডানা’, সিড়ি প্রকাশনী এনেছে সালেহা চৌধুরীর ‘তোমাদের জন্য চিরকালের গল্প’, চারুলিপি প্রকাশন এনেছে সৈয়দ শামসুল হকের ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ (সংস্করণ), শাহরিয়ার কবিরের ‘যুদ্ধাপধারের বিচার নুরেমবার্গ থেকে ঢাকা’, আদর্শ এনেছে মনির জামানের ‘বাস্তুহারার দল’, পলল এনেছে মুম রহমানের ‘১০ রকমের ১০০ চলচ্চিত্র’, বদরে আলম খানের ‘বিশ্ব সেরা গ্রীক ও রোমান ট্রাজিক নাটক’, দি রয়েল পাবলিসার্স এনেছে বাদল ঘোষের ‘অদৃশ্য দূরবীন’, শাফিকুর রহির ‘মধ্য রাতের কান্না’, অক্ষর এনেছে আল মাহমুদের ‘কবিতা সমগ্র’ (সংস্করণ), আন্দালিব রাশদী’র ‘লেডি গোদিভা ও অন্যান্য প্রবন্ধ’, খন্দকার মাহমুদুল হাসানের ‘শিশু কিশোর গল্পসমগ্র’, স্বরবৃত্ত এনেছে আলম তালুকদারের ‘মহাদেশ বাংলাদেশ উপদেশ’, নান্দনিক এনেছে বিশ্বজিৎ ঘোষের ‘তোমার সৃষ্টির পথ’ (প্রথম ও দ্বিতীয় খ-), বিভাস এনেছে আহমদ রফিকের ‘স্বাধীনতার লড়াই’, একুশে বাংলা প্রকাশন এনেছে বিপ্রদাস বড়–য়ার ‘মেয়েটি যুদ্ধে গিয়েছিল’, অবসর এনেছে বরেন চক্রবর্তীর ‘ক্লারিয়েন্ট অব সেভেনথ মার্চ’, ফারুক মঈনউদ্দিনের ‘মৃত্যুর আগে জীবনের সংগীত’, অ্যাডর্ন এনেছে জয়নাল হোসেনের ‘উইলে চার টাকা দুই আনা: সম্রাট অওরঙ্গজেবের ভিতর বাহির’, গাজী তানজিয়ার ‘বায়বীয় রঙ’, জাগৃতি এনেছে বদরুদ্দীন উমরের ‘বাঙলাদেশের দুর্নীতি ও সন্ত্রাস’, সালমা বুক ডিপো এনেছে শামসুজ্জামান খানের ‘নানা প্রসঙ্গ’, শুদ্ধস্বর এনেছে মুহাম্মদ হাবিবুর রহমানের ‘নির্বাচন যথেষ্ট নয় তবে নির্বাচন হতে হবে’, অন্বেষা এনেছে আন্দালিব রাশদীর ‘ভারপ্রাপ্ত সচিব’।
মূলমঞ্চ
বইমেলার মূল মঞ্চে সকালে শিশু-কিশোর সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হয়। এতে ২৫০ জন শিশু-কিশোর অংশগ্রহণ করে। বিচারক ছিলেন আলী ইমাম, আনজীর লিটন ও বায়তুল¬াহ কাদেরী।
বিকালে মেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘জন্মশতবর্ষে অদ্বৈত মল্লবর্মণ এবং আমাদের দায়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন প্রাবন্ধিক-গবেষক শান্তনু কায়সার। আলোচনায় অংশগ্রহণ করেন কথাশিল্পী হরিশংকর জলদাস ও অধ্যাপক সফিকুন্নবী সামাদী। সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী।
সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
রোববারের আয়োজন
রোববার মেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে ‘আখতারুজ্জামান ইলিয়াস’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন এ. এম মাসুদুজ্জামান। আলোচনায় অংশ নেবেন ফজলুল আলম, আবদুস সেলিম এবং আহমাদ মোস্তফা কামাল। সভাপতিত্ব করবেন কবি বেলাল চৌধুরী।
