২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব

ভারতের পররাষ্ট্রসচিব রঞ্জন মাথাই তিন দিনের সফরে ঢাকা এসেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2013, 12:36 PM

Updated : 23 Aug 2022, 10:10 AM

শনিবার বেলা ৩টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান ভারতের হাইকমিশনার পঙ্কজ শরন।

পররাষ্ট্র সচিব হিসেবে এটি মাথাইয়ের প্রথম বাংলাদেশ সফর। এর আগে সর্বশেষ ২০১১ সালের জুন মাসে পররাষ্ট্র সচিব নিরুপমা রাও ঢাকা এসেছিলেন।

রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে রঞ্জন মাথাই অংশ নেবেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক।

তিনি বলেন, “পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে আমরা দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করব। ওই বৈঠকের পর সংবাদ সম্মেলন করা হবে।”

তবে এ সফরের মাধ্যম্যে ১৬ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠকের প্রস্তুতির কাজও করবেন তিনি।

ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, রেলমন্ত্রী মো. মুজিবুল হক ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভীর সঙ্গেও সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্র সচিব।

ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালে ভারত সফর করেন। ফিরতি সফরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ২০১১ সালে বাংলাদেশ সফরে আসেন। তখন বেশ কয়েকটি চুক্তিও হয়।