২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সকালে শিশুদের কোলাহল, বিকালে জনস্রোত

কাঁধে ব্যাগ ঝুলিয়ে বাবার হাত ধরে বইমেলায় ঘুরছিল চার বছরের পৃথু। দশটি বই কিনেছে সে। ছুটির দিনের সকালে বইমেলা মুখরিত করে রাখে পৃথুর মতো শিশুরা।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2013, 01:49 PM

Updated : 23 Aug 2022, 10:10 AM

শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অমর একুশে গ্রন্থমেলা ছিল শুধুই শিশুদের জন্য। এই মেলার এটাই প্রথম ‘শিশু প্রহর’।

পৃথু লোবান খানের বাবা শহিদুল হক খান বলেন, “আমরা মিরপুর থেকে এসেছি। এমনিতে ওকে নিয়ে বের হওয়া হয় না। মেলায় এসে ওর উচ্ছ্বাস দেখে আমি নিজেই অভিভূত।”

ভিকারুননিসা নূন স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী মুসরাত সুলতানা মজুমদারকে নিয়ে এসেছেন মা আফরোজা সুলতানা। বাংলা একাডেমী আয়োজিত শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়েছে মুসরাত।

ছবি আঁকা শেষে মেলা চত্বরে ঘুরতে ঘুরতে সে বলল, “আমার মনে হচ্ছে, আমি আকাশে ভাসছি। কি যে ভালো লাগছে আমার।”

মেয়ের কথার সূত্র ধরে মা আফরোজা বলেন, “এই কয়দিন আমাকে সে অস্থির করে ছেড়েছে। এমনিতেই স্কুলের চাপে বাইরে বের হওয়া হয় না। আজ ওর আনন্দ দেখে আমারও ভালো লাগছে।”

পূর্ব ঘোষণা অনুযায়ী অমর একুশে গ্রন্থমেলা-২০১৩ এর প্রথম ‘শিশু প্রহর’ মুখরিত হয়ে ওঠে অসংখ্য শিশুর কোলাহলে।

“দশটা থেকে শিশুরা মেলায় ঢুকতে শুরু করেছে। আমাদের বিক্রিও ভালো,” বলেন ইতি প্রকাশনীর বিক্রয়কর্মী ইফাত ইখতিয়ার।

মেলা ঘুরে দেখা যায় শিশু-কিশোররা স্টলগুলো ঘুরে বই দেখছে। কেউ কেউ অভিভাবকের কাছে আবদার করছে পছন্দের বই কিনে দেওয়ার জন্য।

অনেক শিশুকেই দেখা গেছে নজরুল মঞ্চে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আবক্ষ মুর্তিটির সঙ্গে ছবি তুলতে। ভিড় দেখা গেছে শিশু চত্বরসহ বিভিন্ন প্রকাশনীর স্টলে।

তাম্রলিপির বিক্রয়কর্মী মো. আব্দুল আলিম বলেন, “সকাল থেকেই আমাদের বিক্রি ভালো।কিশোরদের উপযোগী রহস্য উপন্যাসের বই বিক্রি বেশি হচ্ছে।”

শনিবারও সকাল ১০ টা থেকে বেলা একটা পর্যন্ত মেলা থাকছে শিশুদের জন্য। এছাড়া ১৫ ও ২২ ফেব্রুয়ারিও সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শিশু প্রহর ঘোষণা করেছে বাংলা একাডেমী।

বেলা তিনটার পর থেকেই বইমেলায় স্রোতের মতো মানুষ আসতে থাকে। বিকালের মধ্যে কানায় কানায় ভরে উঠে মেলা প্রাঙ্গন।

ক্রেতা-দর্শনার্থীর ভিড় দেখে আগামী প্রকাশনীর এক বিক্রেতা বলেন, “আজই মেলা তার পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। আমরা খুশি।”

মুগদা থেকে আসা আবদুল আজিজ বলেন, “আজই প্রথম মেলায় এসেছি। ভিড়ের কারণে বই বাছাই করতে পারিনি। পরে আরেকদিন বাছাই করা বইগুলো কিনতে আসতে হবে।”

শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সকাল সাড়ে আটটায় অমর একুশে গ্রন্থমেলা ২০১৩ উপলক্ষে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় ক-শাখায় ৪৪৫ জন, খ-শাখায় ২৮৭ জন এবং গ-শাখায় ৭০ জনসহ মোট ৮০২ জন প্রতিযোগি অংশ নেয়।

নতুন বই

নজরুল মঞ্চে শুক্রবার উন্মোচিত হয়েছে ১৩টি নতুন বইয়ের মোড়ক। একাডেমীর সমন্বয় ও জনসংযোগ উপ বিভাগ থেকে পাওয়া তথ্য মতে, বৃহস্পতিবার মেলায় এসেছে ২৫০টি নতুন বই।

আগামী এনেছে মামুন রশীদের ‘উৎসবের অর্থনীতি’; জাগৃতি এনেছে বদরুদ্দীন উমরের ‘বাংলাদেশের রাজনীতি’, সিরাজুল ইসলাম চৌধুরীর ‘রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের মতোই’। ন্যাশনাল এনেছে আনু মাহমুদের ‘খালাস’; কলি প্রকাশনী এনেছে করুণাময় গোস্বামীর ‘বাংলা গানের কথা’।

নান্দনিক এনেছে আনোয়ার সৈয়দ হকের ‘ঘুম’; ভোরের শিশির এনেছে আসাদ চৌধুরীর ‘এক যে ছিল বোকা রাজা’, অক্ষর এনেছে রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ‘প্রেমের কবিতা’ সংস্করণ, বিদ্যাপ্রকাশ এনেছে আবদুশ শাকুরে ‘করিবকর্মা’।

শিখা প্রকাশনী এনেছে ইমদাদুল হক মিলনের ‘ভালো যদি বাসো সখি’; অ্যাডর্ন এনেছে উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর ‘কুজো বুড়ির কথা’ ও ‘টুনটুনির বুদ্ধি’। কথাপ্রকাশ এনেছে নির্মলেন্দু গুণের ‘মহাজীবনের কাব্য’, প্রিতম এনেছে সেলিনা হোসেনের ‘সখিনার চন্দ্রকলা’।

মূল মঞ্চের আয়োজন

শুক্রবার বিকেল ৪ টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘হাবীবুল্লাহ বাহার; ইতিহাসের ট্র্যাজিক পুরুষ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক। আলোচনায় অংশ নেন ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, গবেষক মোরশেদ শফিউল হাসান এবং ড. ইসরাইল খান। সভাপতিত্ব করেন ভাষাসংগ্রামী আহমদ রফিক।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে খুলনার সাংস্কৃতিক সংগঠন ‘রূপান্তর’ এবং ‘সহজিয়া’।

শনিবারের আয়োজন

শনিবার সকাল ১০ টায় শিশু-কিশোর সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হবে। বিকাল চারটায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘অদ্বৈত মল্লবর্মণ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন শান্তনু কায়সার। আলোচনায় অংশ নেবেন হরিশংকর জলদাস, সফিকুন্নবী সামাদী এবং অদিতি ফাল্গুনী। সভাপতিত্ব করবেন কামাল লোহানী। সন্ধ্যায় পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।