সরকারের ‘ঈমান’ নিয়ে প্রশ্ন মওদুদের
যুদ্ধাপরাধের বিচার নিয়ে সরকার ‘দ্বৈতনীতি’ অনুসরণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।
এই বিএনপি নেতার ভাষায়, সরকারের ভেতরে আরেক সরকার আছে বলে মনে হচ্ছে। যুদ্ধাপরাধীর বিচার নিয়ে যে বির্তক সৃষ্টি হয়েছে, সেজন্য সরকারই দায়ী।
সরকারকে ‘দ্বৈতনীতি’ থেকে সরে আসার আহবান জানিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন দলে থাকা মওদুদ বলেন, “এই সরকারের ঈমান নিয়ে আজ প্রশ্ন উঠেছে। ঈমান ঠিক না থাকলে শেষ বেলায় ধরা পড়ে যায়।”
জাতীয় প্রেস ক্লাবে স্বদেশ জাগরণ পরিষদের উদ্যোগে ‘পদ্মাসেতুর দুর্নীতির দায় জনগণ নেবে না’ শীর্ষক এ আলোচনা সভা হয়।
কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগ মোড়ে চার দিন ধরে চলা গণজমায়েত এবং তাতে ক্ষমতাসীন দলের এক নেতার নাজেহাল হওয়ার প্রসঙ্গে টেনে মওদুদ বলেন, “অনেক নাম করা মন্ত্রী আজ শাহবাগে যেতে পারছেন না। দুই একজন মন্ত্রী সেখানে যাচ্ছেন। তাদের লোকজন আছে। আবার দল করেন না এমন অনেকে সেখানে তাদের সেন্টিমেন্ট প্রকাশ করেছেন।”
একাত্তরে যুদ্ধাপরাধের মামলার রায়ে মঙ্গলবার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হওয়ার পর থেকেই তা প্রত্যাখ্যান করে ফাঁসির দাবিতে শাহবাগ মোড়ে বিক্ষোভ-সমাবেশ করে আসছে বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ। এই আন্দোলনে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংহতি জানানো হলেও বিএনপির কাউকে দেখা যায়নি।
যুদ্ধাপরাধের বিচার নিয়ে বিএনপির অবস্থানও নিয়ে প্রশ্ন তুলে আসছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বাম দলগুলোর নেতারা।
সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে জামায়াতে ইসলামীর ডাকা হরতালে সমর্থন দেয় বিএনপি। অবশ্য পরে দলের স্থায়ী কমিটির এক সদস্য বলেন, ট্রাইব্যুনাল বাতিলে জামায়াতে ইসলামীর দাবির সঙ্গে তারা একমত নয়।
তবে এ বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়ে আসছে বিএনপি।
পদ্মাসেতু নিয়ে সরকারের দুর্নীতির কথা তুলে ধরে সাবেক মন্ত্রী মওদুদ বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে এই সেতু প্রকল্পের দুর্নীতির সুষ্ঠু তদন্ত করে বিচার করবে। যারা ওই দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, তারা কখনোই ক্ষমা পাওয়ার যোগ্য নয়।”
নিজস্ব অর্থায়ন পদ্মাসেতুর নির্মাণের বিষয়টিকে সরকারের ‘দিবাস্বপ্ন’ হিসাবে আখ্যায়িত করেন মওদুদ।
তিনি বলেন, “এটা কখনো সম্ভব হবে না। বিদেশি সাহায্য ছাড়া কোনোভাবে এতো বড় প্রকল্প বাস্তবায়ন সম্ভব না। সরকার নিজস্ব অর্থায়নের কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে। যারা ৪ বছরে সেতু নির্মাণ করতে পারেনি। তারা ৮ মাসে কীভাবে পারবে।”
স্বদেশ জাগরণ পরিষদের সভাপতি মো. কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, সাবেক সাংসদ হেলেন জেরিন খান, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, জাতীয় নাগরিক সংসদের সভাপতি খালেদা ইয়াসমীন বক্তব্য রাখেন।
