২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বাসচাপায় ৫ অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2013, 06:21 AM

Updated : 23 Aug 2022, 10:10 AM

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, শুক্রবার সকালে উপজেলার শহীদনগর এলাকায় এ দুর্ঘটনার পর একুশে পরিবহনের একটি বাস পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

নিহতদের মধ্যে চার জনের পরিচয় জানা গেছে। এরা হলেন- দাউদকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শফিকুল ইসলাম ভূঁইয়া (৬৫), অটোরিকশার চালক দিনাজপুরের পীরগঞ্জের শাহ আলম (৩৫), দাউদকান্দির কাজিয়ার ভাঙ্গা গ্রমের বাচ্চু মিয়া (৬০) ও তার নাতি মাহফুজুর রহমান (৬)।

বাকি একজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। লাশ দাউদকান্দি হাইওয়ে থানায় রাখা হয়েছে।

ওসি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সোয়া ১০টার দিকে একুশে পরিবহনের বাসটি ঢাকা থেকে সোনাপুরের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

আহত একজনকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তারও মৃত্যু হয় বলে জানান ওসি।

এদিকে দুর্ঘটনার পরপরই উত্তেজিত জনতা বাসের যাত্রীদের নামিয়ে দিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। পরে দাউদকান্দি থেকে অগ্নিনির্বাপক বাহিনীর একটি দল গিয়ে আগুন নেভায়।