সচল হলো ‘আমারব্লগ’
যুদ্ধাপরাধ ইস্যুতে বাংলা ব্লগ সাইট ‘আমারব্লগ ডটকম’ হ্যাক হওয়ার কয়েক ঘণ্টার ব্যবধানে তা ফের সচল হয়েছে। বরাবরই যুদ্ধাপরাধীদের বিচারে সোচ্চার ওই ব্লগের কোনো লেখা দুপুরের পর থেকে পাওয়া যাচ্ছিল না।
তুর্কি ভাষায় লেখা ওই বার্তায় বলা হয়, ‘আমরা কোন ভুয়া বিচার চাই না। এই বিচার রাজনৈতিক। সকল ইসলামিস্ট নেতাকে রক্ষা করো। সকলের স্বচ্ছ বিচারের অধিকার রয়েছে। আমরা বিশ্বাস করি যে, এই আদালত বাংলাদেশ সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তাবায়ন করছে। বাংলাদেশে কোন যুদ্ধাপরাধী নেই। তাদেরকে দোষারোপ করো না। এটা একটি সতর্ককরণ। পরবর্তীতে আমরা সকল তথ্য মুছে দেবো।’
সন্ধ্যা ৭টা ২৮ মিনিটে ওয়েবসাইটটি ফের সচল করা হয়েছে বলে জানিয়েছেন আমারব্লগ ডটকমের অন্যতম অ্যাডমিন সুশান্ত দাশ গুপ্ত।
যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই প্রকৌশলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সার্ভার ইঞ্জিনিয়ার হ্যাকের কথা জানার কয়েক মিনিটেই তা সচল করতে সক্ষম হয়েছেন। তবে দেশের বাইরে থাকায় তাকে জানাতেই আমাদের সময়ে লেগে গেছে।”
দুপুর ১টা ১৯ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ২৮ মিনিট পর্যন্ত ওয়েবসাইটটি হ্যাকারদের দখলে ছিল বলেও জানান তিনি।
এর আগে যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসি দাবিতে মঙ্গলবার রাতে হ্যাক হয় ক্ষমতাসীন আওয়ামী লীগের অফিসিয়াল ওয়েবসাইট। পরে কয়েক ঘণ্টার মধ্যেই হ্যাকারদের কাছ থেকে তা উদ্ধার করা হয়।
