২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিলা খনিতে চুরি: আটক ৯

দিনাজপুরে পার্বতীপুরে মধ্যপাড়া কঠিন শিলা খনিতে ডেটোনেটর কর্ড চুরির ঘটনায় খনির উপব্যবস্থাপক (উৎপাদন) ও নিরাপত্তা কর্মকর্তাসহ নয়জনকে আটক করেছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2013, 11:00 AM

Updated : 23 Aug 2022, 10:10 AM

বৃহস্পতিবার তাদের আটক করা হয়। ডেটোনেটর কর্ড চুরি হলেও বিস্ফোরক চুরি হয়নি বলে জানিয়েছেন খনি কর্মকর্তারা।

আটক ব্যক্তিরা হলেন- খনির উপ ব্যবস্থাপক (উৎপাদন) মনোয়ার হোসেন ও নিরাপত্তা কর্মকর্তা বেলাল হোসেন, আনসার সদস্য জামিল হোসেন, আজাদুল, আনসার আলী, খনি কর্মচারী মোহাম্মদ নাসির, লতিফ সরাফি, বিসমিল্লাহ-হেল কবির ও মোজাফফর হোসেন।

শিলা খনির বিস্ফোরক গুদামের তালা ভেঙে ডেটোনেটর কর্ড (তামার তার) চুরির ঘটনায় খনির উপ মহাব্যবস্থপক (প্রশাসন) এ এম মোস্তফা ফেরদৌসী বাদী হয়ে বুধবার একটি মামলা করেন।

ওই নয়জনকে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে পার্বতীপুর থানার ওসি শওকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

খনির যে গুদামের তালা ভেঙে ডেটোনেটর কর্ড (তামার তার) চুরি হয়, তাতেই রয়েছে খনির কাজে ব্যবহারের শক্তিশালী বিস্ফোরক।

খনির উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) এ এম মোস্তফা ফেরদৌসী সাংবাদিকদের বলেন, গুদামের তালা ভাঙার বিষয়টি মঙ্গলবার কর্তৃপক্ষের নজরে আসে।

চুরির ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে খনির সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) প্রবীর তালুকদার এবং উপব্যবস্থাপক (উৎপাদন) মো. মনোয়ার হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এছাড়া তাৎক্ষণিকভাবে খনির মহা-ব্যবস্থাপক (বিপণন) মীর মোহাম্মদ আব্দুল হান্নানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

চুরির ঘটনায় আটটি ইলেকট্রিক ডেটোনেটর কর্ড চুরি হয়েছে। প্রতিটি তারের (কর্ড) দৈর্ঘ্য তিন মিটার বলেও জানায় কর্তৃপক্ষ।

তবে গুদামের বিস্ফোরক মজুদ সঠিক রয়েছে বলেও জানানো হয়।

খনি কর্তৃপক্ষের দেয়া তথ্য মতে, বিস্ফোরকের গুদামে ৭২ হাজার ৫১০টি ইলেক্ট্রনিক ডেটোনেটর (প্রতিটি তিন মিটার লম্বা) এবং ৫ হাজার ২৮৭টি নন ইলেক্ট্রনিক ডেটোনেটর সংরক্ষিত রয়েছে।

এছাড়া রয়েছে ২৫ মিলিমিটার ডায়ার বিস্ফোরক ৯ হাজার ৮৩৫ কেজি, ৫০ মিলিমিটার ডায়ার বিস্ফোরক ১২ হাজার ৩৭৫ কেজি, ডেটোনেটর কর্ড এক লাখ ৫৮ হাজার ৫৬৫ মিটার এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেট ৬৬ হাজার ২০০ কেজি।

এসব বিস্ফোরক দিয়ে খনিতে ভূগর্ভস্থ বিস্ফোরণ ঘটিয়ে পাথর (কঠিন শিলা) ভাঙা হয়। ডেটোনেটর দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়।

পুরনো খবর:

শিলা খনিতে চুরি: দুই কর্মকর্তা বরখাস্ত