২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিলা খনিতে চুরি: দুই কর্মকর্তা বরখাস্ত

দিনাজপুরে পার্বতীপুরে মধ্যপাড়া কঠিন শিলা খনিতে ডেটোনেটর কর্ড চুরির ঘটনায় বুধবার দুই কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2013, 03:08 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

এছাড়া সেখানে কর্মরত চার আনসার সদস্যকে প্রত্যাহার করে নেয়া হয়।

এর আগে তিন সদস্যের কমিটি ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দিয়েছে।

মঙ্গলবার রাতে খনির বিষ্ফোরক গুদামের তালা ভেঙে ডেটোনেটর কর্ড (তামার তার) চুরি করে দুর্বৃত্তরা। এই গুদামেই রয়েছে খনির কাজে ব্যবহারের শক্তিশালী বিস্ফোরক।

খনি কর্তৃপক্ষ জানিয়েছে, চুরির ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে খনির সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) প্রবীর তালুকদার এবং উপব্যবস্থাপক ( উৎপাদন) মো. মনোয়ার হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

খনির উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন)  কে এম মোস্তফা ফেরদৌসী সাংবাদিকদের বলেন, গুদামের তালা ভাঙার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে মঙ্গলবার।

এই ঘটনায় তাৎক্ষণিকভাবে খনির মহা-ব্যবস্থাপক (বিপণন) মীর মোহাম্মদ আব্দুল হান্নানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

সঙ্গলবার রাতেই তাদের দেয়া প্রতিবেদনে বলা হয়, আটটি ইলেকট্রিক ডেটোনেটর কর্ড চুরি হয়েছে। প্রতিটি তারের (কর্ড) দৈর্ঘ্য তিন মিটার।

তবে গুদামের বিস্ফোরক মজুদ সঠিক রয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।

খনি কর্তৃপক্ষের দেয়া তথ্যমতে, বিস্ফোরকের গুদামে ৭২ হাজার ৫১০টি ইলেক্ট্রনিক ডেটোনেটর (প্রতিটি তিন মিটার লম্বা) ও ৫ হাজার ২শ’ ৮৭টি নন ইলেক্ট্রনিক ডেটোনেটর সংরক্ষিত রয়েছে।

এছাড়া রয়েছে ২৫ মিলিমিটার ডায়ার বিস্ফোরক ৯ হাজার ৮৩৫ কেজি, ৫০ মিলিমিটার ডায়ার বিস্ফোরক ১২ হাজার ৩৭৫ কেজি, ডেটোনেটর কর্ড এক লাখ ৫৮ হাজার ৫৬৫ মিটার এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেট ৬৬ হাজার ২শ” কেজি।

এসব বিস্ফোরক দিয়ে খনিতে ভূগর্ভস্থ বিস্ফোরণ ঘটিয়ে পাথর (কঠিন শিলা) ভাঙা হয়। ডেটোনেটর দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়।

দিনাজপুরের পুলিশ সুপার ময়নুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, খনির নিরাপত্তা বেষ্টনি ও নিরাপত্তারক্ষীর চোখ ফাঁকি দিয়ে বাইরের কারো পক্ষে বিস্ফোরক গুদাম পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়।