জমি নিয়ে সংঘর্ষ, সাংবাদিক আহত
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে এক সাংবাদিকসহ ১০ জন আহত হয়েছে।
পুলিশ জানায়, মহারাজপুর ইউনিয়নের শেখটোলা গ্রামে ওই সংঘর্ষে চ্যানেল আই’র জেলা প্রতিনিধি আশরাফুল আলম রঞ্জু দায়িত্বরত অবস্থায় আহত হন।
আশরাফকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি গোলাম মোর্তুজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জমি নিয়ে ইউপি সদস্য ফিরোজ কবিরের সঙ্গে সাবেক ইউপি সদস্য আব্দুল ওদুদের বিরোধ দীর্ঘ দিন ধরে চলছে।
এর জের ধরে বুধবার বিকালে ফিরোজের ছেলেকে ওদুদের লোকজন মারধরের পর বৃহস্পতিবার সকালে দুই পক্ষ লাঠি, ধারালো অস্ত্র ও বোমা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এই ব্যাপারে দুপক্ষই মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান ওসি মোর্তুজা।
