২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর গাড়িবহর ‘যানজটে’

শাহবাগে প্রতিবাদ সমাবেশের কারণে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে যাওয়ার পথে রাজধানীর রূপসী বাংলা হোটেলের কাছে যানজটে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2013, 10:15 AM

Updated : 25 Apr 2022, 06:21 PM

পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে রুপসী বাংলার উত্তর গেইট বরাবর রাস্তায় প্রধানমন্ত্রীর গাড়িবহর যানজটে থমকে যায়।

“তবে উনার গাড়ি যানজটে আটকে যায়নি। কিছুটা ‘স্লো’ করতে হয়েছে। সাধারনত উনার গাড়ি যে গাতিতে যায় সে গতিতে যেতে পারেনি।”

এক মিনিটেরও কম সময়ের মধ্যে ‘সব ঠিক হয়ে যায়’ বলে দাবি করেন ওই পুলিশ কর্মকর্তা।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত মঙ্গলবার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল।

রায় প্রত্যাখ্যান করে ওই দিন রাতেই কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগ মোড়ে বিক্ষোভ-সমাবেশের ডাক দেয় ব্লগার অ্যান্ড অনলাইন অ্যক্টিভিস্ট ফোরাম নামের একটি সংগঠন। তাদের সঙ্গে বিক্ষোভে যোগ দেয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠন এবং নানা শ্রেণি-পেশার মানুষ। তখন থেকেই সেখানে অবস্থান নিয়ে আন্দোলন করে আসছে হাজারো ছাত্র-জনতা।

শাহবাগ মোড়ের এই আন্দোলনের কারণে কাঁটাবন, মৎস্যভবন ও রূপসী বাংলা মোড় থেকে শাহবাগ পর্যন্ত সড়কে ব্যারিকেড বসিয়েছে পুলিশ। ফলে যানবাহন চলছে বিকল্প পথে। কিছু সড়কে যানজটও সৃষ্টি হয়েছে।

গুলিস্তান থেকে একটি গাড়ি রমনা হয়ে বাংলামটর মোড়ে পৌঁছাতে প্রায় এক ঘণ্টা সময় লেগে যাচ্ছে বলে যাত্রীরা জানান।