ময়মনসিংহে হত্যা মামলায় ৪ জনের ফাঁসি
ময়মনসিংহের সুলতান মীর হত্যা মামলায় চার জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- শহরের গোহাইলকান্দি এলাকার বাসিন্দা রকিব, কাঞ্চন, ভুট্টো ও তার ভাই তমজিদ।
একইসঙ্গে এ মামলার আসামি পারুল, তাসলি ও মিনা বেগমকে এক বছর করে সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
এছাড়া হত্যায় সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় শফিকুল ইসলাম ও শাহানা বেগম নামে আরো দুজনকে খালাস দিয়েছেন বিচারক।
আদালত পুলিশের পরিদর্শক শহীদ শোকরানা মামলার বিবরণ দিয়ে জানান, ২০০৭ সালের ১৯ সেপ্টেম্বর শহরের গোয়াইলকান্দি এলাকায় নিজের দোকানে ৫০০ টাকার জাল নোট ভাঙানোকে কেন্দ্র করে বিতণ্ডায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন সুলতান।
এরপর কোতোয়ালি মডেল থানায় এই হত্যা মামলা হয়।
রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার জনের প্রত্যেককে ত্রিশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে বলে আদালত পরিদর্শক জানান।
এ মামলায় রাষ্ট্রপক্ষে এপিপি শেখ আবুল হাশেম এবং আসামি পক্ষে মো. আলিম উদ্দিন মামলা পরিচালনা করেন।
