ঝাড়ুদারের ইনজেকশনে মৃত্যুর প্রমাণ নেই: তদন্ত প্রতিবেদন
কিশোরগঞ্জ সদর হাসপাতালে ঝাড়ুদারের ইনজেকশনে স্কুলছাত্রী ইমা আক্তারের মৃত্যুর প্রমাণ নেই বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তদন্ত কমিটি প্রধান মোল্লা নজরুল ইসলাম বুধবার কিশোরগঞ্জের সিভিল সার্জন সারোয়ার হুসাইন খানের কাছে এ প্রতিবেদন জমা দেন।
প্রতিবেদনে চিকিৎসক হাবিবুর রহমান মানিককে দায়ী করা হয়েছে। তবে ঝাড়–দারের ইনজেকশনে স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়।
ইমার মৃত্যুর ঘটনায় দায়ীদের গ্রেপ্তার ও তদন্ত প্রতিবেদনের জন্য সম্মিলিত নাগরিক সমাজ লাগাতার আন্দোলনের হুমকির ২৪ ঘণ্টার মধ্যে এ প্রতিবেদন দেয়া হয়।
তদন্ত কমিটি প্রধান মোল্লা নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় ইমার পা ভেঙে হাসপাতালে আসার পর কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমান মানিক তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানোর কথা বলেন। কিন্তু ইমার পরিবার আর্থিক কারণে ঢাকা যেতে অপারগতা প্রকাশ করে। তখন চিকিৎসক হাসপাতাল থেকে ছাড়পত্র না নিয়েই আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য রোগীকে শহরে নিজের ‘কিশোরগঞ্জ ক্লিনিকে’ অপারেশন করেন।
“পরে চিকিৎসক আবারো ইমাকে হাসপাতালে নিয়ে আসেন, যা একজন চিকিৎসকের নৈতিকতা ও সঠিক দায়িত্ব পালনের সম্পূর্ণ পরিপন্থী। তাই এ ঘটনার দায় কর্তব্যরত চিকিৎসক এড়াতে পারেন না,” বলেন তদন্ত কমিটির প্রধান।
তিনি বলেন, “তদন্ত কমিটিকে সেবিকা আকলিমা খাতুন হ্যাপি লিখিতভাবে জানান, তিনিই ইমাকে ইনজেকশন দিয়েছেন। তাই ঝাড়–দারের ইনজেকশনে ইমার মৃত্যুর ঘটনাটি প্রমাণিত নয়।”
এদিকে সিভিল সার্জন সারোয়ার হুসাইন খান বলেন, ইমার মৃত্যুর ঘটনা অধিকতর তদন্তের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (হাসপাতাল-১) মো. ফজলুল করিমকে প্রধান করে আরেকটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটি আগামী ১২ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিল করবে, বলেন সিভিল সার্জন।
ইমার পরিবারের দাবি, ২৫ জানুয়ারি সন্ধ্যায় চিকিৎসকের পরামর্শমতো নির্ধারিত ইনজেকশন দেয়ার জন্য কর্তব্যরত সেবিকা আকলিমা খাতুন হ্যাপীকে অনুরোধ করা হলে তিনি এজন্য টাকা দাবি করেন। এ অবস্থায় ঝাড়–দার রাফিজা আক্তার নীলুফা ইনজেকশন দেয়ার কিছুক্ষণ পরেই ইমা মারা যায়।
ঘটনায় রাতেই ইমার বড় ভাই হেলাল মিয়া সেবিকা ও ঝাড়–দার ছাড়াও চিকিৎসক মানিককে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
২৬ জানুয়ারি মোল্লা নজরুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেন সিভিল সার্জন।
মঙ্গলবার ইমার মৃত্যুর ঘটনায় আসামিদের গ্রেপ্তার ও তদন্ত প্রতিবেদন দাখিলের দাবিতে সম্মিলিত নাগরিক সমাজ জেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে। তারা দাবি আদায়ে লাগাতার আন্দোলনের হুমকি দেন।
সদর মডেল থানার ওসি জানান, বুধবার থেকে আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হবে।
