চট্টগ্রামে লোক সংস্কৃতি উৎসব শুক্রবার
বন্দর নগরীর ডিসি হিলে লোকসংস্কৃতি উৎসব হবে শুক্রবার।
মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের পৃষ্ঠপোষকতায় একদিনের এই উৎসব আয়োজন করেছে সমাজ সমীক্ষা সংঘ নামে একটি সংগঠন।
চতুর্থবারের মতো আয়োজিত এই উৎসব বরাবর দুদিনব্যাপী হলেও এবার একদিনে হচ্ছে বলে বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানায়।
উৎসবে চট্টগ্রামসহ সারা দেশের আঞ্চলিক গানের শিল্পী কলাকুশলী ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেবে।
‘মিলনের গান গারে আজি প্রাণ’ স্লোগানে অনুষ্ঠেয় এ উৎসব উদযাপন কমিটির চেয়ারম্যান এ কিউ এম সিরাজুল ইসলাম বলেন, “গত তিনবার দুইদিনব্যাপী উৎসব হলেও এবার গ্রামীণফোনের সহযোগিতা সত্ত্বেও আর্থিক অনটনের কারণে একদিনের অনুষ্ঠান করতে হচ্ছে।”
গ্রামীণফোন এই উৎসবের প্রধান পৃষ্ঠপোষক হলেও সমাজ সমীক্ষার সদস্য, শুভানুধ্যায়ী, অনুদান, অনেকের কাছ থেকে চাঁদা সংগ্রহ করে উৎসব আয়োজন করা হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
শুক্রবার বিকাল ৩টায় গ্রামীণফোন লোক সংস্কৃতি উৎসব উদ্বোধন করবেন বংশীবাদক মৃণাল দাশগুপ্ত। এর আগে শোভাযাত্রা হবে।
এর পর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেন।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। এতে চট্টগ্রামের আঞ্চলিক গান, লোকনৃত্য, বাউল গান, পাহাড়ি নৃত্য, মাইজভান্ডারী গান, রাধারমনের গান পরিবেশন পরিবেশন করা হবে।
এছাড়া সকালে উন্মুক্ত শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানান।
সংবাদ সম্মেলনে উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক আহমেদ খসরু, সংঘের সভাপতি কাজী মাহমুদ ইমাম বিলু, সদস্য আমিনুল ইসলাম, নুরনাহার কুমকুম, সংঘের নির্বাহী পরিচালক কল্লোল দাশও ছিলেন।
