গাজীপুরে ৭টি ঝুটের গুদাম ভস্মীভূত
কালিয়াকৈর উপজেলায় বুধবার ঝুটের গুদামে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর রাত সাড়ে ৩টার দিকে চন্দ্রা এলাকায় কয়েকটি গুদামে এ অগ্নিকাণ্ড হয়।
এতে এমএস শাহজালাল এন্টারপ্রাইজ, রূপম এন্টারপ্রাইজ, কলমা এন্টারপ্রাইজ এবং রিফাত এন্টাপ্রাইজের সাতটি গুদামের মধ্যে পাঁচটি গুদামের ঝুট সম্পূর্ণ পুড়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু জাফর আহমেদ বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনকভাবে জানা যায়নি।
