২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামেও বিজিবি, ৫ মামলা

জামায়াতে ইসলামীর ডাকা দ্বিতীয় দিনের হরতালে চট্টগ্রামে পরিস্থিতি মোটামুটি শান্ত রয়েছে। আগের দিন পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরকর্মীদের সংঘর্ষের ঘটনায় ৫টি মামলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2013, 04:58 AM

Updated : 23 Aug 2022, 10:10 AM

মঙ্গলবার হরতাল চলাকালে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরকর্মীদের সংঘর্ষে ৪ জন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুধবার তিন প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়।

বুধবার সকালে শহরের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার থবর পাওয়া যায়নি।

বন্দর নগরীতে মঙ্গলবার হরতালের সময় গাড়ি ভাংচুর এবং দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় জামায়াত-শিবিরের কর্মীরা। দুপুরে একদফা সংঘর্ষে ইসলামী ছাত্রশিবিরের এক কর্মী নিহত হওয়ার পর সন্ধ্যায় দেওয়ানহাট ও আগ্রাবাদ এলাকায় ব্যাপক সংঘর্ষ হয়। এতে তিন পথচারী নিহত হয় বলে পুলিশ জানায়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার একাত্তরের যুদ্ধাপরাধের মামলার রায়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার পর বুধবারও হরতাল ডাকে দলটি।

নগর পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার হাসানুজ্জামান মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

শহর জুড়ে জানমালের নিরাপত্তায় বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে টহল দেয়া হচ্ছে।

এর বাইরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নগরীতে তিন প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসক আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকাল থেকে তিন প্লাটুন বিজিবি সদস্য টহল দেয়ার সিদ্ধান্ত হয়। তাদের সঙ্গে তিনজন ম্যাজিস্ট্রেটকেও দেয়া হয়েছে।

হরতাল চলাকালে ব্যাংক-বীমা প্রতিষ্ঠান খোলা থাকলেও লোকজনের উপস্থিতি ছিল কম। বিভিন্ন তৈরি পোশাক কারখানা খোলা থাকলেও কর্মস্থলে পৌঁছাতে শ্র্রমিক-কর্মচারীদের বেগ পেতে হয়েছে।

বন্দরের ভেতরে পণ্য ওঠানো-নামানো স্বাভাবিক থাকলেও 'ডেলিভারি' হয়নি।

শিবিরের তাণ্ডবের ঘটনায় ৫ মামলা

নগরীর মুরাদপুরে মঙ্গলবার শিবিরের তাণ্ডবের ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে।  মঙ্গলবার গভীর রাতে নগরীর পাঁচলাইশ থানায় মামলা তিনটি করেন উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন।

নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার আবদুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অস্ত্র আইন, দ্রুত বিচার আইন এবং পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক তিনটি মামলা হয়।

তিনি বলেন, অস্ত্র মামলায় আটজনকে নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে। দ্রুত বিচার আইনে ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে।

পুলিশের ওপর হামলার ঘটনায় অজ্ঞাতনামা শিবিরকর্মীদের আসামি করে অপর মামলাটি করা হয়।

বুধবার দুপুরে বহদ্দারহাট থেকে পাঁচ শতাধিক শিবিরকর্মী সশস্ত্র অব্স্থায় মিছিল করে মুরাদপুর এসে পুলিশের ওপর হামলা চালায়। এতে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শহীদুল্লাহসহ ১০ পুলিশ আহত হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে আটক করে ২০ শিবিরকর্মীকে। উদ্ধার করে চাপাতি, লাঠিসহ দেশীয় কিছু অস্ত্র।

পাহাড়তলী থানার ওসি আবদুর রউফ জানান, পাহাড়তলী থানায় ছয়জনকে গ্রেপ্তার দেখিয়ে অজ্ঞাত দেড় হাজার জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

পাহাড়তলীতে পুলিশবক্সে শিবিরকর্মীরা হামলা চালালে গুলিতে এক শিবিরকর্মী নিহত হয়।

ডবলমুরিং থানায় ছয়জনকে গ্রেপ্তার দেখিয়ে অজ্ঞাত পাঁচশ জনের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে বলে থানার এসআই নাজনীন সুলতানা জানান।