খালেদার সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ
কারাগার থেকে মুক্তি পাওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার রাতে গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ।
রাত ৯টার দিকে চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা আসার পর ভারপ্রাপ্ত মহাসচিব দলের নেত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময়ে দলের সহসভাপতি সাদেক হোসেন খোকা, আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, সাংসদ আবুল খায়ের ভুঁইয়া, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে মির্জা ফখরুল তার মুক্তির জন্য দলের চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, নেতা-কর্মীসহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
যেসব রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠন তার মুক্তির জন্য আন্দোলন করেছে, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান ভারপ্রাপ্ত মহাসচিব।
এর আগে চেয়ারপারসনের কার্যালয়ে এসে পৌঁছালে খালেদার উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খানসহ কর্মকর্তারা ভারপ্রাপ্ত মহাসচিবকে স্বাগত জানান।
মঙ্গলবার বিকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
