বুধবারও হরতাল ডেকেছে জামায়াত
আব্দুল কাদের মোল্লার যুদ্ধাপরাধের মামলার রায় প্রত্যাখ্যান করে বুধবারও সারা দেশে হরতাল ডেকেছে একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামী।
মঙ্গলবার জামায়াতের হরতালের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার পর দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান দুপুরে এক বিবৃতিতে বলেন, ট্রাইব্যুনাল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে যে রায় ঘোষণা করেছে তা ‘সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং সরকার নির্দেশিত’।
“এ রায় প্রত্যাখ্যান করার পাশাপাশি সরকারের ষড়যন্ত্র, চক্রান্ত ও বিচারের নামে অবিচারের প্রতিবাদে আমাদের ঘোষিত গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত থাকবে। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বুধবারও সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালিত হবে।”
‘আন্দোলনের মাধ্যমে’ আব্দুল কাদের মোল্লাসহ জামায়াতের সব শীর্ষ নেতাকে মুক্ত করে আনা হবে বলেও উল্লেখ করা হয় এই জামায়াত নেতার বিবৃতিতে।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ প্রমাণিত হওয়ায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাকে মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ মঙ্গলবার এই রায় ঘোষণা করে।
এর আগে সোমবার এই রায়ের জন্য তারিখ ঘোষণার পরপরই যুদ্ধাপরাধের বিচার প্রতিহত করার ঘোষণা দিয়ে মঙ্গলবার সারা দেশে হরতাল ডাকে জামায়াত।
এই হরতালে চট্টগ্রামে পুলিশ বক্সে হামলার ঘটনায় নিহত হয়েছেন একজন। এছাড়া রাজধানীসহ সারা দেশে বিভিন্ন স্থানে জামায়াত-শিবির কর্মীদের ঝটিকা মিছিল, পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও বিক্ষিপ্ত বোমাবাজির খবর পাওয়া গেছে।
