২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোমানের মামলার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ

সম্পদের হিসাব না দেয়ার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি আবদুল্লাহ আল নোমানের বিরুদ্ধে দায়ের করা মামলার কার্যক্রম বন্ধ রাখতে বলেছে আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2013, 04:40 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

নোমানের করা একটি আবেদেনর শুনানি করে সোমবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই আদেশ দেন।
আদালতে নোমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক উল হক। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।
পরে খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, নিম্ন আদালতে নোমানের বিরুদ্ধে ওই মামলার কার্যক্রম বন্ধ রাখতে তিনি (নোমান) আবেদন করেন। আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন হাই কোর্টের আদেশের অনুলিপি না পাওয়া পর্যন্ত মামলার কার্যক্রম বন্ধ রাখার আদেশ দিয়েছেন।
এর আগে হাই কোর্ট গত ২৪ জানুয়ারি ওই মামলা বাতিলে নোমানের একটি আবেদন খারিজ করে দেয়।

হাই কোর্টের বিচারপতি খোন্দকার মূসা খালেদ এবং বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চের ওই রায়ে মামলার উপর স্থগিতাদেশও প্রত্যাহার করে নেয় আদালত।

মামলা বাতিলে হাই কোর্টে করা নোমানের আবেদনে ২০০৯ সালের ১০ ফেব্রুয়ারি রুল জারি হয়। পাশাপাশি মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেয় সংশ্লিষ্ট আদালত। স্থগিত হওয়ার আগে মামলাটি ঢাকার একটি আদালতে সাক্ষীগ্রহণ পর্যায়ে ছিলো।

মামলার এজাহারে বলা হয়, বিলুপ্ত হয়ে যাওয়া দুর্নীতি দমন ব্যুরোর পক্ষে এর কর্মকর্তা আবদুল্লাহ আল জাহিদ ১৯৯৭ সালের ৭ অগাস্ট সম্পদের তথ্য বিবরণী চেয়ে নোমানকে চিঠি দেন। ওই সময়ের আইন অনুসারে ৪৫ দিনের মধ্যে সম্পদের তথ্য দাখিলের বিধান থাকলেও তিনি তা করেননি। এমনকি সময় বৃদ্ধির জন্যও আবেদন করেননি এই বিএনপি নেতা।

এরপর জাহিদ বাদী হয়ে ১৯৯৮ সালের ১৯ অগাস্ট ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলাটি এখন দুর্নীতি দমন কমিশন চালাচ্ছে।