২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বছরে এইচআইভি আক্রান্তের সংখ্যা বেড়েছে ৮শ’

দুই বছরে দেশে এইচআইভি আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় আটশ’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2013, 04:31 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

এম আবদুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে সোমবার সংসদে স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক জানান, বর্তমানে দেশে এইচআইভি আক্রান্ত ব্যক্তির সংখ্যা ২ হাজার ৮৭১ জন। এইডস রোগীর সংখ্যা ১ হাজার ২০৪ জন।

২০১১ সালের ১৫ মার্চ সংসদে তিনি জানিয়েছিলেন, দেশে এইচআইভি আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮৮ জন।

বিকালে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

মন্ত্রী জানান, দেশে সর্বপ্রথম এইডস রোগী সনাক্ত করা হয় ১৯৮৯ সালে। এ পর্যন্ত দেশে এইডস রোগে মৃত্যু হয়েছে ৩৯০ জনের।

দেশে এইচআইভি আক্রান্তের সঠিক সংখ্যা নিরূপণের লক্ষ্যে সরকারি উদ্যোগে একটি জরিপ চালানোর পরিকল্পনা রয়েছে।এ বছরের মধ্যে তা বাস্তবায়ন করা হবে।

২০১১ সালের ১৫ মার্চ সংসদে মহিলা আসনের সাংসদ সাধনা হালদারের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রতি বছর নতুন করে এইচআইভি আক্রান্তদের তালিকা সংগ্রহ ও নির্ণয় করা হয়। দেশে এইচআইভি সংক্রমণের হার নিরূপণের জন্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে ১৯৯৮ সাল থেকে এ পর্যন্ত ৮ বার সেরো সার্ভিলেন্স সম্পন্ন হয়েছে।

“বর্তমানে আইইডিসিআর এবং আইসিডিডিআরবি’র মাধ্যমে নবম সার্ভিলেন্সের কার্যক্রম মাঠ পর্যায়ে চলমান রয়েছে। এ সেরো সার্ভিলেন্স আগামী জুন মাসে সম্পন্ন হবে” ওই সময় বলেছিলেন মন্ত্রী।

৮৭ দেশে ওষুধ রপ্তানি

পিনু খানের লিখিত প্রশ্নের জবাবে রুহুল হক জানান, বর্তমানে দেশের গুণগত মানসম্পন্ন ওষুধ বিশ্বের ৮৭টি দেশে রপ্তানি হচ্ছে। বর্তমানে প্রায় ৯৫-৯৭ শতাংশ ওষুধের চাহিদা দেশীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মিটিয়ে থাকে।

তিনি বলেন, ইতোপূর্বে এন্টি ক্যান্সার, প্রিফিল্ড সিরিঞ্জ, মিটার ডোজ ইনহেলার, ইনসুলিন, লাইফোলাইজড জাতীয় ইনজেকশন এবং ভ্যাকসিন বিদেশ থেকে আমদানি করা হতো।

বর্তমানে এ ধরনের কিছু ওষুধ দেশে উৎপাদিত হয়ে থাকে, আমদানির পরিমাণ ৩ শতাংশ। আশা করা যায়, অদূর ভবিষ্যতে এ ধরনের ওষুধ আর আমদানি করতে হবে না।

আমিনা আহমেদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এমবিবিএস কোর্স কারিকুলাম হালনাগাদ করে ২০১২ সালে তিনটি প্রফেশনাল পরীক্ষার স্থলে চারটি পরীক্ষা করা হয়েছে।আগামী মার্চ থেকে এর কার্যক্রম শুরু হবে।