ফরিদপুরে মোটরসাইকেল চালককে হত্যা, আটক ১
ফরিদপুরের বোয়ালমারীতে চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে এক জনকে ধরে লিশে দিয়েছে জনতা।
সোমবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে কলিমাঝি ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে।
পিটুনিতে আহত ছিনতাইকারীকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, উপজেলার সহস্রাইল বাজার থেকে কাশিয়ানী যাওয়ার কথা বলে সোহেল মোল্লার (২২) মোটরসাইকেল ভাড়া করে অজ্ঞাত পরিচয় দুই যুবক।
কলিমাঝি ঈদগাহের কাছে পৌঁছালে এর আরোহীরা পেছন থেকে চালককে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান তারা। সোহেলের বাবার নাম বকুল মোল্লা। তাদেরব বাড়ি ফরিদপুরে।
ছিনতাইকারীরা মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আশেপাশের লোকজনের সন্দেহ হওয়ায় তারা এক জনকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে দেয়। অন্যজন পালিয়ে যায়।
বোয়ালমারী থানার ওসি রুহুল আমীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
