টেন্ডার নিয়ে বিচারপতির কাছে তদবির, কর্মকর্তা তলব
বিচারপতির খাস কামরায় গিয়ে টেন্ডার নিয়ে তদবিরের অভিযোগে এক সরকারি কর্মকর্তাকে তলব করেছে হাই কোর্ট।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রকিউরমেন্ট অ্যান্ড স্টোর ডিপার্টমেন্টের সহকারি পরিচালক মো. হাবিবুর রহমানকে আগামী ২০ ফেব্রুয়ারি হাই কোর্টে হাজির হতে হবে।
একইসঙ্গে আদালত অবমাননার অভিযোগে এই কর্মকর্তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না মর্মে রুলও জারি করেছে ওই বেঞ্চ।
জনৈক ছাত্রনেতাকে সঙ্গে নিয়ে একটি টেন্ডার বিষয়ে বিচারাধীন এক রিট নিয়ে হাই কোর্টের বিচারপতি শামীম হাসনাইনের খাস কামরায় তদবির করতে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই আদেশ আসে সংশ্লিষ্ট দ্বৈত বেঞ্চ থেকে। ওই বেঞ্চে কনিষ্ঠ বিচারপতি হিসাবে রয়েছেন মো. রুহুল কুদ্দস।
আদেশে একইসঙ্গে সংশ্লিষ্ট রিট আবেদনটি আর শুনানি না করে প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেয় ওই বেঞ্চ।
এই রিটে বাদীপক্ষের আইনজীবী হিসাবে রয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী এএফ হাসান আরিফ ও মো. আশিক আল জলিল।
মো. আশিক আল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কিছু যন্ত্রপাতি ক্রয়ে টেন্ডার আহ্বান করা হয়। ওই টেন্ডারে তার মক্কেল প্রতিষ্ঠান ই কে বিজনেস লাইন সর্বনিম্ন দর প্রদানের প্রস্তাব করে। কিন্তু ঠিকানায় অসঙ্গতির অভিযোগে তাদের টেন্ডার বাতিল করে ৫০ লাখ টাকার অতিরিক্ত দরদাতাকে কাজটি দেয়া হয়।
তিনি বলেন, এটা চ্যালেঞ্জ করে বাদীপক্ষ হাই কোর্টে যায়। আদালত আমাদের বক্তব্য শুনে ২০০৯ সালে রুল জারি করে। বিবাদীপক্ষের আপিল বিভাগে যাওয়ার প্রেক্ষিতে মামলাটি প্রধান বিচারপতির দপ্তর ঘুরে বিচারপতি শামীম হাসনাইন ও বিচারপতি মো. রুহুল কুদ্দুসের বেঞ্চে আসে।
গত সপ্তাহে ওই বেঞ্চে দুইদিন শুনানিও হয়। সর্বশেষ গত বুধবার কোর্টে এসে জ্যেষ্ঠ বিচারপতি বলেন, ‘আজকে আর শুনবো না। রোববার আদেশ দেবো।’
পরে রোববার আদালত ওই কর্মকর্তা মো. হাবিবুর রহমানকে তলব করে আদালত অবমানার রুল দেয়। পাশাপাশি মামলাটি অন্য কোন বেঞ্চে দিতে প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেয়।
“আদেশের সময় আদালত জানিয়েছে, ওই কর্মকর্তা এক ছাত্রনেতাকে নিয়ে গত বুধবার মধ্যাহ্ন বিরতিতে জ্যেষ্ঠ বিচারপতির খাস কামরায় তদবির করতে যান,” বলেন আশিক আল জলিল।
আইনজীবী এএফ হাসান আরিফ এবং মো. আশিক আল জলিল এ আদেশের বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন।
তবে ওই ছাত্রনেতা কে ছিলেন সে বিষয়ে আদেশে কিছু উল্লেখ ছিলো না বলে জানান হাসান আরিফ।
আশিক আল জলিল বলেন, এটা আগামী ২০ ফেব্রুয়ারি স্পষ্ট হবে।
