২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝাড়ুদারের ইনজেকশনে মৃত্যু, ১১ দিনেও গ্রেপ্তার নেই

কিশোরগঞ্জ হাসপাতালে ঝাড়ুদারের ইনজেকশনে শিশুর মৃত্যুর ১১ দিন পরও মামলার আসামিরা ধরা পড়েনি।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2013, 01:32 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

সম্মিলিত নাগরিক সমাজ সোমবার এক সংবাদ সম্মেলনে আসামিদের গ্রেপ্তারে একদিন সময় বেঁধে দিয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ সেলিম কবির।

তিনি বলেন, মঙ্গলবারের (৫ ফেব্রুয়ারি) মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে প্রাইমারি স্কুলের ক্লাস বর্জন, সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল এবং পুলিশ সুপার ও সিভিল সার্জনের কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি দেয়া হবে।

গত ২৫ জানুয়ারি কিশোরগঞ্জের আধুনিক সদর হাসপাতালে চিকিত্সাধীন এক শিশুকে কর্তব্যরত নার্স ইনজেকশন দিতে অস্বীকার করায় ঝাড়ুদার ইনজেকশন দেন। এরপর ইমা নামের তৃতীয় শ্রেণির ওই ছাত্রীর মৃত্যু হয়।

২৪ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয় ইমা। হাসপাতালের চিকিৎসক ডা. হাবীবুর রহমান মানিক টাকার বিনিময়ে শহরের একটি ক্লিনিকে মেয়েটির অপরেশন করেন। এরপর তাকে আবার হাসপাতালে ফেরত আনা হয়।

পরদিন সন্ধ্যায় চিকিত্সকের ব্যববস্থাপত্র অনুযায়ী একটি ইনজেকশন দেয়ার জন্য কর্তব্যরত নার্স আকলিমা খাতুন হ্যাপীকে অনুরোধ করলে তিনি অর্থ দাবি করেন বলে অভিযোগ করেন ইমার বড় ভাই হেলাল মিয়া।

এরপর হাসপাতালের ঝাড়ুদার এসে ইনজেকশন দেয়ার কিছুক্ষণ পরই ইমা অসুস্থ হয়ে পড়ে এবং সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

ওই রাতেই নার্স, ঝাড়–দার ও চিকিৎসক ডা. হাবীবুর রহমান মানিককে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন হেলাল মিয়া।

বাংলাদেশ মহিলা পরিষদ, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি, সাবেক পৌর-কাউন্সিলর ও যুবলীগ নেতা নজরুল ইসলাম জুয়েল, গুরুদয়াল সরকারি কলেজ শাখা ছাত্রলীগ, ব্যবসায়ী নেতা আব্দুল কাদির মাসুমসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ নাগরিক সমাজের এ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন।