অ্যাসিড নিক্ষেপ: মনির আরো ৩ দিনের রিমান্ডে
ইডেন কলেজ ছাত্রী শারমিন আক্তার আঁখির ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার মনির উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আরো তিন দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
ঢাকার মহানগর হাকিম এস এম আশিকুর রহমান সোমবার এই আদেশ দেন।
বংশাল থানার উপ-পরিদর্শক আবুল হাসান নয় দিনের রিমান্ড শেষে সোমবার আসামিকে আদালতে হাজির করে আরো সাত দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক তিন দিনের হেফাজত মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, এ মামলার পলাতক আসামি মাসুমকে গ্রেপ্তারের জন্য মনিরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।
আসামি পক্ষ রিমান্ডের বিরোধিতা করে জামিন চাইলে বিচারক তা নাকচ করে দেন।
গত ১৫ জানুয়ারি জরুরি আলোচনার কথা বলে চাঁনখারপুলের কাজি অফিসে নিয়ে গিয়ে আঁখিকে বিয়ে করার জন্য চাপ দেন মনির। তবে বিয়ে করতে রাজি না হওয়ায় সেদিন কাজির সামনেই গায়ে অ্যাসিড ছুরে মারেন মনির। এ সময় তিনি আঁখিকে ছুরিকাঘাতও করেন।
অ্যাসিডে আঁখির মুখ ও ডান হাত ঝলসে যায়। তার হাতে, পায়ে ও পিঠে ছুরিকাঘাতের মোট পাঁচটি চিহ্ন পেয়েছে পুলিশ।
এ ঘটনায় মনির ও মাসুমকে আসামি করে বংশাল থানায় মামলা করেন আঁখির ভাই।
এরপর ২৪ জানুয়ারি খাগড়াছড়ি থেকে মনিরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করা হলে বিচারক জিজ্ঞাসাবাদের জন্য তাকে নয় দিনের রিমান্ডে পাঠান।
