বাবার লাঠির ঘায়ে মায়ের কোলে মরল শিশুর
বাবা-মায়ের ঝগড়ার কারণে প্রাণ দিতে হল বাগেরহাটের শরণখোলা উপজেলার চার মাস বয়সি শিশু সুমন ফকিরকে।
সোমবার সকালে ফকির পশ্চিম রাজাপুর গ্রামের শাহ আলম ফকিরের ছেলে রুবেল ফকির (২৫) তার স্ত্রী মাসুমা আক্তারকে লাঠি দিয়ে পেটানোর সময় মায়ের কোলে থাকা সুমন মাথায় আঘাত পায়। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ রুবেলকে আটক করেছে। লাঠির আঘাতে হাত ভেঙে যাওয়ায় স্ত্রী মাসুমাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর নৌ-ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, দুই বছর আগে রুবেল ও মাসুমার বিয়ে হয়। সুমন তাদের প্রথম সন্তান।
প্রায়ই তাদের মধ্যে পারিবারিক কলহ হতো। কলহের জের ধরেই সোমবার সকালে রুবেল মাসুমাকে লাঠি দিয়ে পেটাতে থাকে। এ সময় মাসুমার কোলে থাকা সুমনের মাথায়ও লাঠির আঘাত লাগে।
এ ঘটনায় এখনো মামলা হয়নি বলে জানান এসআই আসাদুজ্জামান।
