২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের সঙ্গে ব্যাংক তথ্য বিনিময়ও হবে

এতদিন ব্যবসায়ীদের আয়কর সংক্রান্ত তথ্য আদান-প্রদান হলেও এখন এই সংক্রান্ত ব্যাংক তথ্যও আদান-প্রদান করতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শহীদুল ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2013, 11:32 AM

Updated : 23 Aug 2022, 10:09 AM

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত আইনের সংশোধন প্রস্তাব অনুমোদন হয়েছে।

এছাড়া দুই দেশের শিক্ষার্থীদের বৃত্তি ও বেতনভাতা ছয় বছর পর্যন্ত করমুক্ত রাখার প্রস্তাবও অনুমোদন হয়েছে বৈঠকে।

মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে আয়কর সংক্রান্ত ব্যাংক তথ্য বিনিময়ের বিধান রেখে দুই দেশের মধ্যে দ্বৈত করারোপণ প্রত্যাহার চুক্তির সংশোধন প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।

এই সংশোধনীর মাধ্যমে এক দেশের নাগরিক অন্য দেশে ব্যবসা করলে তাদের আয়কর সংক্রান্ত ব্যাংক তথ্য বিনিময় করতে পারবে বাংলাদেশ ও ভারত। এর আগে শুধু আয়কর সংক্রান্ত তথ্যই বিনিময় করা যেত।

১৯৯১ সাল থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বৈত করারোপণ চুক্তি কার্যকর রয়েছে।

মোশাররাফ হোসাইন বলেন, আয়কর সংক্রান্ত বাংলাদেশের ব্যাংক তথ্য ভারতকে দেয়া এবং ভারতের তথ্য বাংলাদেশকে দেয়ার বিষয়ে নয়া দিল্লি সংশোধন প্রস্তাব দেয়।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পর্ক বিভাগ এবং জাতীয় রাজস্ব বোর্ডসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার পর ওই প্রস্তাব গ্রহণ করা হয়।

সচিব বলেন, “এর ফলে বাংলাদেশ যদি কোনো তথ্য চায়, আর তা যদি ভারতের প্রয়োজন না-ও থাকে, তাহলে তা বাংলাদেশকে দিতে হবে।

“অন্যদিকে ভারত যদি কোনো তথ্য চায়, তা বাংলাদেশের তা প্রয়োজন না থাকলে তাও দিতে হবে।”

প্রথমে রাজি না হলেও তথ্যের গোপনীয়তা নিশ্চিতের নিশ্চয়তার ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকও এতে রাজি হয়েছে বলে জানান মোশাররাফ।

“এই সংশোধনীর ফলে ট্যাক্সের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের ব্যাংক তথ্য দেয়া হবে এবং তার গোপনীয়তা রক্ষা করা হবে।”

শিক্ষার্থীদের বেতনভাতা ও বৃত্তি করমুক্তির বিষয়ে সচিব বলেন, চুক্তিতে বাংলাদেশি কোনো ছাত্র যদি ভারতে পড়াশোনা করে এবং ভারতের কোনো ছাত্র বাংলাদেশে পড়াশোনা করলে তার বেতনভাতা বা বৃত্তি বাবদ সর্বোচ্চ ১৫ হাজার রুপি বা তার সমপরিমাণ টাকা পাঁচ বছরের জন্য করমুক্ত থাকবে বলে বিধান ছিল।

“বাংলাদেশের পক্ষ থেকে এই করমুক্ত টাকার সীমা উঠিয়ে দেয়া এবং সময়সীমা পাঁচ বছরের জায়গায় ছয় বছর করার প্রস্তাব দেয়া হলে ভারত তা গ্রহণ করে।”

মন্ত্রিসভার বৈঠকে পদ্মা সেতুর বিষয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা না হলেও ‘অনানুষ্ঠানিক’ আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।