ঢাবিতে উচ্ছেদ অভিযানে দোকানিকে পিটিয়ে আহত
ফুটপাতে দোকান উচ্ছেদ অভিযানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক চা বিক্রেতাকে পিটিয়ে আহত করেছে পুলিশ।
আহত মানিক ৪৩ বছর ধরে ক্যাম্পাসে চা বিক্রি করেন। পরমাণু শক্তি কমিশনের সামনের ফুটপাতে ছিল তার দোকান।
রোববার রাত ৮টার দিকে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) করিম তার দোকানে ভাংচুর চালান এবং তাকে পিটিয়ে আহত করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বইমেলার কয়েকশ’ দর্শনার্থী ওই পুলিশ কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখে। পরে শাহবাগ থানার ওসিসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা এসে এসআইকে উদ্ধার করেন।
মানিকের দোকানের কর্মচারী জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিদিনের মত এদিনও আমরা চা বিক্রি করছিলাম। হঠাৎ পুলিশ এসে মানিক ভাইকে ব্যাপক মারধর করে রক্তাক্ত করে।”
আহত মানিককে পুলিশ ভ্যানে তুলতে গেলে শিক্ষার্থীরা বাধা দেয় বলে জানান তিনি।
এ বিষয়ে শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, “শাহবাগ থানা পুলিশের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক শিক্ষার্থীর বাকবিতণ্ডা হয়েছে। কোন পুলিশ কর্মকর্তার কারণে এ ঘটনা ঘটেছে তার নাম এখন বলা যাচ্ছে না।”
উর্ধ্বতন কর্তৃপক্ষকে তদন্ত করে দেখতে অনুরোধ করবেন বলে জানান তিনি।
