পান্থপথে কলেজ ছাত্রদের বিক্ষোভ-ভাংচুর
রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির সামনে একটি বেসরকারি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।
এ সময় তারা বেশ কয়েকটি দোকান ও গাড়িতে ভাংচুর চালায়।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা পাবলিক কলেজের কিছু শিক্ষার্থী সড়কে নেমে এ ঘটনা ঘটায়।
সংশ্লিষ্টরা জানান, শিক্ষকদের বিরোধের জেরে তারা বিক্ষোভ করে। পরে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
ওই কলেজের শিক্ষক মোমিনুল হক বলেন, “কলেজের অধ্যক্ষ মোস্তফা কামালের ইন্ধনে তার অনুসারী দুই শিক্ষক গত ৩০ জানুয়ারি আমার ওপর হামলা করে। এর প্রতিবাদে সকালে রাস্তায় নেমে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।”
ছাত্ররা রাস্তায় ভাংচুর শুরু করলে পুলিশ রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে আসিফ নামের এক ছাত্র আহত হয়। তাকে গ্রিনলাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অধ্যক্ষ মোস্তফা কামাল বলেন, হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক রবিউল ইসলাম ও মোমিনুল হকের ইন্ধনে শিক্ষার্থীরা রাস্তায় নেমে পুলিশের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে।
“রবিউল জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত। কলেজের পরিবেশ অস্থিতিশীল করতে এটা করা হয়েছে।”
এদিকে কলেজ ছাত্রদের ভাংচুরের প্রতিবাদ জানিয়ে পান্থপথ ব্যবসায়ী ও মালিক সমিতির সাধারণ সম্পাদক শওকত আলী বলেন, “ছাত্ররা শিক্ষকদের কোন্দলের জেরে রাস্তায় নেমে ২০ থেকে ২৫টি গাড়ি ভাংচুর করেছে। এছাড়া রাস্তার পাশের ১৫ থেকে ২০টি দোকানে হামলা চালিয়েছে তারা।”
কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছড়ুতে বাধ্য হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
