পাসপোর্টের জন্য পুলিশ যাচাই তুলে দেয়ার দাবি
পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে পুলিশ যাচাইয়ের বাধ্যবাধকতা তুলে দেয়ার দাবি জানিয়েছেন একজন সংসদ সদস্য।
রোববার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে দাঁড়িয়ে মনোযোগ আকর্ষণের নোটিশে পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে পুলিশ ভ্যারিফিকেশন রিপোর্ট থাকার বাধ্যবাধকতা প্রত্যাহারের দাবি জানান রফিকুল ইসলাম।
স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ এবিষয়ে তার সঙ্গে একমত পোষণ করেন।
তিনি বলেন, জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডারের সঙ্গে পাসপোর্ট অধিদপ্তরের তথ্যভাণ্ডারের সংযোগ তৈরি হলে পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হবে না।
সংস্কৃতিমন্ত্রী বলেন, “এ প্রক্রিয়া হওয়ার আগে বিকল্প হিসেবে সাধারণ পাসপোর্ট ১৫ দিনের মধ্যে ও জরুরি ক্ষেত্রে ৭ দিনের মধ্যে পুলিশ ভেরিফিকেশন করতে নির্দেশ রয়েছে। এক্ষেত্রে কারো দায়িত্ব অবহেলার সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”
এর আগে নোটিসে রফিকুল ইসলাম বলেন, পুলিশ প্রতিবেদনের বাধ্যবাধকতা থাকায় চাকরি, চিকিৎসা ও পড়ালেখা ইত্যাদিসহ বিভিন্ন উদ্দেশ্যে বিদেশগামীদের পাসপোর্ট নিয়ে হয়রানির সম্মুখীন হতে হচ্ছে।
বর্তমানে পাসপোর্ট নেওয়ার ক্ষেত্রে দেশের নাগরিকদের পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন বাধ্যতামূলক। মেশিন রিডেবল পাসপোর্ট আবেদন ফরমের শেষাংশে যেসব তথ্যের প্রয়োজনীয়তাকে পুলিশ ভেরিফিকেশনের কারণ হিসেবে উল্লেখ করা থাকে, বাস্তবে ফরমের অন্যান্য অংশেই সেসব তথ্য পূরণ করে জমা দিতে হয়।
উপজেলা পরিষদের এক সমন্বয় সভায় চেয়ারম্যানদের পক্ষ থেকে বলা হয়, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা উপজেলা সদরে বসেই ভেরিফিকেশন প্রতিবেদন তৈরি করেন। এক্ষেত্রে কিছু অনৈতিক কর্মকাণ্ডেরও অভিযোগ রয়েছে।
পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন পাওয়ার পর পাসপোর্ট ইস্যু করতে এক দেড়মাস লেগে যায়। এতে করে অনেককে হয়রানি হতে হয়; বিশেষ করে গুরুতর অসুস্থ রোগী ও বিদেশে চাকরি প্রার্থীদের অনেককে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সঠিক ঠিকানা বা নাগরিকদের প্রত্যায়নের জন্য ফরমে জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, জন্ম নিবন্ধন সনদের অনুলিপি বা টিআইএন নম্বর যুক্ত করতে হয়। সরকারের দায়িত্বশীল ব্যক্তি বা কর্মকর্তাকে দিয়ে ছবিসহ আবেদনপত্র প্রত্যয়ন করতে হয়। এসব তথ্য দেওয়ার পর পুলিশ ভেরিফিকেশনের কোনো প্রয়োজনীয়তা থাকতে পারে না। এতে শুধু সময়ক্ষেপণ ও হয়রানি বাড়ছে।”
প্রতি উপজেলায় একজন মাত্র পুলিশ কর্মকর্তার পক্ষে সত্যিকারভাবে যাচাই করা অসম্ভব বলেও মনে করেন তিনি।
“যাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে তাদের তথ্য কম্পিউটারে এন্ট্রি করলে সহজেই সনাক্ত করা যাবে। তাই দেশের নাগরিকদের পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে বর্তমানে বিদ্যমান পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন নেওয়ার বাধ্যবাধকতা বাতিল করা হোক,” বলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী।
